এসআইয়ের মৃত্যু: ওসিসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর থানা কোয়ার্টারে বিস্ফোরণে উপপরিদর্শক (এসআই) শাহজাহানের মৃত্যুর ছয় দিন পর আদালতে হত্যা মামলা করেছে নিহত ব্যক্তির পরিবার। আজ রোববার দুপুরে নিহত শাহজাহানের স্ত্রী লায়লা সাজু বাদী হয়ে নারায়ণগঞ্জের বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন। মামলায় বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মককর্তা (ওসি) নূর মোহাম্মদ, উপপরিদর্শক (এসআই) বিনয় কৃষ্ণ রায় ও অজ্ঞাত আরও দুজনকে আসামি করা হয়েছে।বিচারিক হাকিম আদালতের বিচারক চাঁদনী রূপম মামলাটি আমলে নিলেও তাত্ক্ষণিক কোনো আদেশ দেননি। মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারকের সঙ্গে পরামর্শ করে পরবর্তী আদেশ দেবেন বলে তিনি জানান।মামলায় বাদী অভিযোগ করেন, শাহজাহান ১৯৮২ সালে পুলিশের কনস্টেবল পদে যোগ দেন। পরে তিনি পদোন্নতি পেয়ে এসআই হন। নারায়ণগঞ্জের বন্দর থানায় এসআইয়ের দায়িত্ব পালনের সময়ে তাঁকে ঊর্ধ্বতন কর্মকর্তারা মালখানার দায়িত্ব দেন। কিন্তু গত কয়েক দিন ধরেই থানার ওসি নূর মোহাম্মদ বেপারী ও এসআই বিনয় কৃষ্ণ কর মালখানার মালামাল সরিয়ে নিতে শাহজাহানকে বলেন। কিন্তু এতে শাহজাহান রাজি হননি। ১৩ ডিসেম্বর রাত ১০টা ৪০ মিনিটে শাহজাহান থানার ভেতরে কোয়ার্টারের সামনের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। ওই সময় আসামিরা উচ্চ দাহ্য ক্ষমতাসম্পন্ন বোমা শাহজাহানের দিকে ছুড়ে মারে। এতে তাঁর শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।বাদী মামলার এজাহারে আরও উল্লেখ করেন, ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার (তদন্ত) সাজ্জাদুর রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। পুলিশ মনগড়া প্রতিবেদন দাখিল করে বলেও এজাহারে উল্লেখ করা হয়।নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম বলেন, ‘নিহত শাহজাহানের স্ত্রী বাদী হয়ে আদালতে মামলা করেছেন বলে শুনেছি। তবে আদালত থেকে আমরা কোনো নির্দেশনা পাইনি। আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’