এসআইর মৃত্যুর ঘটনায় ওসি প্রত্যাহার!
নারায়ণগঞ্জের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদকে গতকাল বৃহস্পতিবার রাতে প্রত্যাহার করা হয়েছে। এই থানায় বিস্ফোরণে উপপরিদর্শক (এসআই) শাহাজাহানের মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠায় তাঁকে প্রত্যাহার করা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নূর মোহাম্মদকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।নাম প্রকাশ না করার শর্তে নারায়ণগঞ্জ জেলা পুলিশের একজন কর্মকর্তা জানান, এসআই শাহাজাহানের মৃত্যুর আগে পরিবারের সদস্যদের কাছে দেওয়া বক্তব্য, ওসির বিরুদ্ধে নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ ও এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার কারণে মূলত ওসি নুর মোহাম্মদকে সরিয়ে নেওয়া হয়েছে। গত ১৩ ডিসেম্বর বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন এসআই শাহাজাহান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চার দিন চিকিত্সাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়। মৃত্যুর আগে শাহাজাহান পরিবারের সদস্যদের কাছে তাঁর মৃত্যুর জন্য থানার ওসি ও এসআইকে দায়ী করেন। এ ঘটনায় জেলা পুলিশের গঠন করা তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, মদ্যপ অবস্থায় আগুনে তাপ পোহানোর সময় অগ্নিদগ্ধ হয়ে শাহাজাহানের মৃত্যু হয়। পুলিশের তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে শাহাজাহানের পরিবার গত ২৩ ডিসেম্বর আদালতে থানার ওসি নুর মোহাম্মদ, এসআই বিনয় কৃষ্ণ কর ও অজ্ঞাত আরও দুজনকে আসামি করে হত্যা মামলা করার আবেদন করে। আদালত ময়নাতদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেন। ওই ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, শাহাজাহানের পাকস্থলীতে মদ পাওয়া গেছে। আগুনে পুড়ে যাওয়া শরীরে তীব্র পানিশূন্যতা এবং সারা শরীরে রোগ সংক্রমণ হওয়ায় শাহাজাহানের মৃত্যু হয়েছে। নিহত এসআইর পরিবার ময়নাতদন্তের এ প্রতিবেদনও প্রত্যাখ্যান করেছে। জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম প্রথম আলো ডটকমকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নুর মোহাম্মদকে প্রত্যাহার করা হয়েছে। সেখানে ফতুল্লা থানার সাবেক ওসি আবদুল মতিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। মামলার তদন্তের দায়িত্ব জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।