এসইসি আইন অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারসংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান রেখে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (সংশোধন) আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ ছাড়া সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধিত) আইন, ২০১২-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এ আইনের বিধান অনুযায়ী, এসইসির চেয়ারম্যান ও সদস্যদের পদের মেয়াদ এক বছর বাড়িয়ে চার বছর করার কথা বলা হয়েছে। তাঁরা শুধু এক মেয়াদের জন্য পুনর্নিয়োগের যোগ্য হবেন।আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধিত) আইন, ২০১২-এর খসড়ায় কমিশনের সদস্যদের প্রতি যেকোনো তথ্য গোপন রাখার নির্দেশনা রয়েছে। গোপনীয়তা ভাঙলে তাঁর বিরুদ্ধে পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এ ছাড়া আজকের বৈঠকে সড়ক তহবিল বোর্ড আইন খসড়ার নীতিগত অনুমোদন, বিদ্যুত্ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান (সংশোধন) আইন-২০১২-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধিত) আইনে এসইসিকে শেয়ারবাজারের বিষয়ে তদন্তের প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংককে জানিয়ে যেকোনো ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য সংগ্রহ করার ক্ষমতা দেওয়া হয়েছে।এসইসি সূত্র জানায়, সংস্থাটি সরকারের অনুমোদনক্রমে দেশি-বিদেশি কর্তৃপক্ষ বা সংস্থার সঙ্গে সিকিউরিটিজ-সম্পর্কিত সহযোগিতা ও তথ্যবিনিময় চুক্তি করতে পারবে। অনুমোদিত সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে প্রয়োজনীয় নিয়োগ দিতে পারবে।