এসইসি পুনর্গঠন ও তদন্ত কমিটি গঠনের চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুত এবং কঠোর ব্যবস্থা নেওয়া ছাড়া শেয়ারবাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে না বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। এ জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) পুনর্গঠন ও সক্ষমতা বৃদ্ধি, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তি প্রদান, বাজার ধসের কারণ অনুসন্ধানে টাস্কফোর্স গঠন এবং বারবার সিদ্ধান্ত পরিবর্তনে যাঁরা ভূমিকা রেখেছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা। সূত্র জানায়, সরকারও আস্থা ফিরিয়ে আনতে নতুন কিছু পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে। এ লক্ষ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছেন। এসইসিতে নতুন দুজন সদস্য নিয়োগ দেওয়াসহ পুনর্গঠন এবং দায়দায়িত্ব নিরূপণ করতে একটি কমিটি গঠন করা হতে পারে বলেও জানা গেছে। অর্থমন্ত্রী আজ রোববার সংশ্লিষ্ট সবাইকে নিয়ে শেয়ারবাজার পরিস্থিতি বিষয়ে বৈঠক করবেন। ৩০ লাখেরও বেশি বিনিয়োগকারী এখন এই বৈঠকের সিদ্ধান্তের অপেক্ষায়। তাঁরা আস্থা ফিরে পেতে চান। তবে সবকিছুই নির্ভর করছে সরকারের ওপর। আজ শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে।অর্থমন্ত্রী গত শুক্রবার তাঁর ও এসইসির নেওয়া কিছু সিদ্ধান্ত ভুল ছিল বলে স্বীকার করেছেন। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরাও মনে করেন, অনেক সিদ্ধান্ত ভুল ছিল। যথাযথ মূল্যায়ন ছাড়াই এমন অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে কৃত্রিমভাবে বাজার চাঙা থেকেছে এবং শেয়ারের দর বেড়েছে। এতে অতি লাভের লোভে বিনিয়োগকারীর সংখ্যাও বেড়েছে। বাজারে বড় ধস নামলেও এখান থেকে মুনাফা তুলে নিয়েছে, এমন বিনিয়োগকারীও অসংখ্য বলে জানা গেছে। এই অর্থ কোথায় যাচ্ছে, নতুন বিনিয়োগ কর্মকাণ্ডে যাবে না পাচার হয়ে যাবে, সেটি দেখাও প্রয়োজন বলে মনে করছেন বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, ‘অতীতে বিদেশি ঋণ ও ব্যাংকের অর্থ নিয়ে অনেকে ধনী হয়েছেন। এবার মধ্যবিত্তের সঞ্চয় নিয়ে এ ধরনের চেষ্টা দেখা গেল। এর অবশ্যই সুদূরপ্রসারী রাজনৈতিক তাৎপর্য রয়েছে। যাঁরা বলেন, এর কোনো প্রভাব নেই, তাঁদের সঙ্গে একমত নই।’ তিনি আরও বলেন, এখনো বিনিয়োগ করার ভালো ক্ষেত্র তৈরি হয়নি। সুতরাং শেয়ারবাজারের মুনাফার অর্থ কোথায় যায়, তা দেখা প্রয়োজন। নতুন করে অর্থ পাচারের বিষয়ে তিনি সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, কর আরোপ করার বিষয়টিও আবার ভাবতে হবে। গত বাজেটে চেষ্টা করেও অর্থমন্ত্রী পারেননি। কিন্তু এটি করা প্রয়োজন। এসইসি পুনর্গঠন: পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা এসইসি। কিন্তু গত দুই বছরে পুঁজিবাজার অনেকের কথায় চলেছে বলে সূত্র জানায়। ঢাকা স্টক এক্সচেঞ্জের একজন সাবেক সভাপতি, স্থায়ী কমিটির একজন প্রভাবশালী সাংসদ এবং একজন বড় ব্যবসায়ী নানাভাবে এসইসিকে প্রভাবিত করেছেন। তাঁদের কারণে এসইসিকে নানা সময়ে নানা ধরনের সিদ্ধান্ত নিতে হয়েছিল। এর প্রভাব পড়ে বাজারে। ফলে এসইসির বিশ্বাসযোগ্যতা তেমন ছিল না। সুতরাং এসইসি পুনর্গঠন না করলে এর প্রতি আস্থা ফিরে আসবে না বলেই সংশ্লিষ্টরা মনে করছেন। গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ ৪ জানুয়ারি অর্থনৈতিক পরিস্থিতির ওপর তৈরি একটি প্রতিবেদনে বলেছে, একটি গ্রুপ শেয়ারবাজারে নানাভাবে সক্রিয় ছিল। দুই স্টক এক্সচেঞ্জের কয়েকজন সদস্য, এসইসির কর্মকর্তা, কিছু রাজনৈতিক নেতা, কয়েকজন বড় ব্যবসায়ী, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বিভিন্ন ব্রোকারেজ হাউসের সদস্যরা নানাভাবে বাজার কারসাজির সঙ্গে জড়িত ছিলেন। এমনকি অর্থ মন্ত্রণালয়সংক্রান্ত স্থায়ী কমিটিও নানা সময়ে পরামর্শকের ভূমিকা নেওয়ায় তা এসইসি ও পুঁজিবাজারের ওপর চাপ তৈরি করে। সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় মনে করেন, এসইসির ওপর আস্থা ফিরিয়ে আনতে সংস্থাটির প্রাতিষ্ঠানিক সংস্কার জরুরি। যাঁরা দায়িত্ব পালন করতে পারেননি, তাঁদের দায়দায়িত্ব নিরূপণ করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পাশাপাশি সংস্থাটির সক্ষমতাও বাড়াতে হবে। টাস্কফোর্স গঠন: ’৯৬-এর শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু সেই ঘটনার সঙ্গে জড়িতদের বিচার এখনো হয়নি। এবারও কিছু মানুষের কারসাজির কারণে বাজারে বড় ধরনের ধস নেমেছে বলে সবাই মনে করেন। এ কারণে এখন আরেকটি কমিটি গঠনের সময় হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। অর্থমন্ত্রী নিজেও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। এ লক্ষ্যে কমিটি বা টাস্কফোর্স গঠন করা হতে পারে বলে জানা গেছে। সূত্রগুলো মনে করছে, কখন কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কী কারণে পরিবর্তন করা হয়েছিল এবং কারা পরিবর্তনে প্রভাব বিস্তার করেছে—সবকিছুই খতিয়ে দেখা হবে। কেননা, কারা কারসাজি করে শেয়ারের মূল্য বাড়িয়েছেন এবং মুনাফা নিয়ে বাজার থেকে বের হয়ে গেছেন, তা খুঁজে বের করতেই একটি কমিটি বা টাস্কফোর্স গঠন করা প্রয়োজন হয়ে পড়েছে। গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) প্রতিবেদন অনুযায়ী, ২০১০ সালের শেষ ছয় মাসে ১৬টি কোম্পানি রাইট শেয়ার ছাড়ার মাধ্যমে দুই হাজার ১৪ কোটি টাকা বাজার থেকে তুলেছে। এ ছাড়া সরাসরি তালিকাভুক্তি ও বুক বিল্ডিং পদ্ধতির মাধ্যমেও কয়েকটি কোম্পানি প্রচুর অর্থ তুলে নিয়েছে। এসব অর্থ কোথায় বিনিয়োগ হয়েছে, তা এবং এসব অর্থ ব্যবহার করে কোম্পানিগুলোর লাভজনকতা বেড়েছে কি না, তা দেখতে হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দেবপ্রিয় ভট্টাচার্যও এ ধরনের একটা কমিটি গঠনের পক্ষে মত দেন। ব্যাংক খাতের বিনিয়োগ: বাংলাদেশ ব্যাংক শুরু থেকেই শেয়ারবাজারে কোনো কোনো ব্যাংকের অতিরিক্ত অংশগ্রহণের ব্যাপারে উদ্বিগ্ন হয়ে এর রাশ টেনে ধরতে চেয়েছিল। কিন্তু ডিএসইর একজন প্রভাবশালী সদস্য ও একজন বড় ব্যবসায়ী সরকারের নানা মহলে প্রভাব বিস্তার করে তা করতে বাধা দেন বলে সূত্র জানায়। এর ফলে শেয়ারবাজারে কোনো কোনো ব্যাংকের বিনিয়োগ বেশি থেকে যায়। জানা গেছে, বেসরকারি খাতের কয়েকটি ব্যাংক শেয়ারবাজার থেকে অতিরিক্ত মুনাফা করেছে। ব্যাংকগুলোর কয়েকটি ২০১০ সালে আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি মুনাফা করেছে। এই মুনাফার বড় কারণ শেয়ারবাজারে বিনিয়োগ। ব্যাংকগুলোর মোট মুনাফার কত অংশ শেয়ারবাজার থেকে এসেছে, সে তালিকা প্রকাশ করা প্রয়োজন বলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। তা ছাড়া ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন মার্চেন্ট ব্যাংকিং শাখা কী ধরনের ভূমিকা পালন করেছে, তা-ও খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন তাঁরা। সমন্বিত উদ্যোগ: সামষ্টিক অর্থনীতি বিষয়ে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি সমন্বয় কমিটি রয়েছে। কিন্তু শেয়ারবাজার বিষয়ে কমিটি একটি বৈঠকও করেনি। আবার সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সমন্বিত পদক্ষেপও নিতে দেখা যায়নি কখনো। পুরো সময়জুড়েই ছিল নীতি সমন্বয়ের ব্যর্থতা। আস্থা ফিরিয়ে আনতে সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি বলেও মনে করছেন সবাই। এসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, এ মুহূর্তে বাজারে আস্থার সংকটই মূল সমস্যা। অন্য সমস্যাগুলো গৌণ। কারণ, বাজারে অনেক শেয়ারই বিনিয়োগযোগ্য অবস্থায় চলে এসেছে। তার পরও সাধারণ বিনিয়োগকারীরা সে ব্যাপারে খুব একটা আগ্রহ দেখাচ্ছেন না। এ ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা একটা ভূমিকা রাখতে পারে। কিন্তু অনেক ক্ষেত্রে তারা সেটি না করে আরও পতনের জন্য অপেক্ষা করছে। এ ব্যাপারে সরকারসহ নিয়ন্ত্রক সংস্থাকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে সরকারের বিভিন্ন সংস্থা যেমন, বাংলাদেশ ব্যাংক, এসইসি সমন্বিতভাবে কাজ করছে—সেই ব্যাপারটিও বিনিয়োগকারীদের সামনে তুলে ধরতে হবে। এটি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে ফারুক আহমেদ সিদ্দিকী মনে করেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ও এসইসির সাবেক চেয়ারম্যান এ বি মির্জ্জা আজিজুল ইসলামও মনে করেন, সরকারের এই দুই সংস্থার মধ্যে সমন্বয় জরুরি। কারণ, মুদ্রাবাজার ও পুঁজিবাজারের একটি যোগাযোগ রয়েছে। এ যোগাযোগ পরস্পরবিরোধী এবং একটির নীতি অন্যটিকে বিপরীতভাবে প্রভাবিত করে। দুটি ক্ষেত্রই যাতে মাঝামাঝি একটি অবস্থানে থাকতে পারে, সে বিষয়টি দেখা যেতে পারে। বাজারশক্তির ওপর নির্ভরতা: বাজারসংশ্লিষ্টরা সবাই মনে করছেন, বাজারকে বাজারশক্তির ওপর ছেড়ে দেওয়া প্রয়োজন। যখনই বাজার সংশোধন শুরু হয়, তখন তাকে বাধা না দিয়ে বাজারের ওপর ছেড়ে দেওয়া প্রয়োজন। যেমন, ২০১০ সালের শুরুতে বাজার সংশোধন হলে ক্ষতিগ্রস্ত হতো ১৫ লাখ বিনিয়োগকারী। আর এখন বাজারে ধস নামায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০ লাখের বেশি বিনিয়োগকারী। আবারও বাজার কৃত্রিম উপায়ে চাঙা রাখা হলে এক বছর পর হয়তো ক্ষতির মুখে পড়বে ৫০ লাখ বিনিয়োগকারী। সুতরাং সংশোধন যত দিন ঠেকিয়ে রাখা হবে, পরিস্থিতি ততই খারাপ হবে। মির্জ্জা আজিজুল ইসলাম বর্তমান পরিস্থিতিতে দীর্ঘ মেয়াদে বাজারকে স্থিতিশীল রাখতে নতুন শেয়ার ছাড়ার পরামর্শ দিয়ে বলেন, বাজারের বর্তমান পরিস্থিতিতে এখনই সরকারি শেয়ার ছাড়া যাবে কি না, সে ব্যাপারে গত শুক্রবার অর্থমন্ত্রী সংশয় প্রকাশ করেছেন। কিন্তু এ ধরনের সংশয় থাকা উচিত নয়। কারণ প্রাথমিক বাজারে (আইপিও) এখনো কোনো সমস্যা নেই। সব আইপিওতে চাহিদার তুলনায় বেশি আবেদন জমা পড়ছে। বুক বিল্ডিং পদ্ধতি স্থগিত করা উচিত হয়নি বলে উল্লেখ করে মির্জ্জা আজিজ আরও বলেন, এ আইনের কোনো সমস্যা থাকলে তা সংশোধন করা যেত। কিন্তু বাদ দেওয়ায় বেসরকারি খাত নিরুৎসাহিত হবে।