কিছু ব্যক্তির নাম এসেছে। এগুলো বাদ দিয়ে প্রকাশ করব: অর্থমন্ত্রী
এসইসি পুনর্গঠনের সুপারিশ
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) পুনর্গঠন ও শক্তিশালী করার সুপারিশ করেছে তদন্ত কমিটি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেছেন, সকালে তদন্ত কমিটির চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ তাঁর কাছে প্রতিবেদন জমা দিয়ে গেছেন। এটি পুরোপুরি দেখা সম্ভব হয়ে ওঠেনি। সংক্ষিপ্তভাবে তিনি দেখেছেন এবং বেশ কিছু সুপারিশ রয়েছে এতে। বক্তব্যের শুরুতেই অর্থমন্ত্রী বলেন, ‘আমি বলেছিলাম, তদন্ত প্রতিবেদনটি জনসমক্ষে প্রকাশ করব। এখন সেটি করা হবে না। হয়তো কিছু ব্যক্তির নাম এসেছে। এগুলো ডিলিট (বাদ দিয়ে) করে প্রকাশ করব।’ প্রতিবেদনে সংস্থা হিসেবে এসইসির দুর্বলতার কথা এসেছে উল্লেখ করে তিনি বলেন, সংস্থাটিকে শক্তিশালী ও পুনর্গঠনের সুপারিশ এসেছে দৃঢ়ভাবে। বলা হয়েছে, এসইসির আইনবিষয়ক একজন সদস্য থাকলেও হিসাববিষয়ক কোনো সদস্য বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নেই। সংস্থাটিতে এমনকি কোনো আর্থিক বিশ্লেষকও নেই। অথচ সম্পদ মূল্যায়নের জন্য তাঁদের খুবই দরকার। জনবল বাড়াতে সম্প্রতি এসইসিতে ৪০ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।অর্থমন্ত্রী বলেন, মার্চেন্ট ব্যাংকের অমনিবাস হিসাব এমনভাবে পরিচালিত হয় যে অনেক ক্ষেত্রে কিছু উদ্ধার করা কঠিন হয়। প্রতিবেদনে অন্তত ৫০টি অমনিবাস হিসাব নিয়ে একটি হিসাব করার সুপারিশ এসেছে। সরাসরি তালিকাভুক্তির বিষয়ে অর্থমন্ত্রী বলেন, এটি বন্ধ আছে, বন্ধই থাকবে। তবে সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান এর মাধ্যমেই বাজারে আসবে।দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এখন তিনি সেটা বলতে পারবেন না। কিছু নাম মুছে দিয়ে প্রতিবেদন প্রকাশ করবেন কেন? জবাবে অর্থমন্ত্রী বলেন, কিছু ব্যক্তির নাম এসেছে। তদন্ত কমিটির চেয়ারম্যান নিজেই বলে গেছেন সময়স্বল্পতার জন্য বিস্তৃত কিছু করা যায়নি। প্রতিবেদনটি তিনি পুরোপুরি সম্পন্ন করতেও পারেননি।এ বিষয়ে উদাহরণ দিতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘দেখা গেল, একটা নাম বললাম, আতিউর রহমান। পরে দেখা গেল আতিউর রহমান ঠিক না। আসলে প্রতিবেদনটি তৈরির জন্য সময় খুব কম হয়ে গেছে।’ ক্ষমতাবানেরা এবারও পার পেয়ে যাবেন কি না, জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘না, সে সুযোগ নেই। অপরাধের সঙ্গে কেউ জড়িত রয়েছেন, তা যদি যথাযথভাবে প্রমাণ করা যায়, তাহলে অবশ্যই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে।’অর্থমন্ত্রী বলেন, ছিয়ানব্বইয়ে কোনো সাক্ষী ছিল না। সে জন্য তখনকার তদন্ত প্রতিবেদনে অনেককে দায়ী করা হলেও এখনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। কিন্তু এখন সিডিবিএল (সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড) রয়েছে। অনেক কিছুই বের করা সম্ভব। শেয়ার পুনঃ ক্রয় (বাই-ব্যাক) নিয়ে প্রতিবেদনে কোনো সুপারিশ আসেনি বলে জানান তিনি।প্রতিবেদন বিষয়ে আলোচনার বাইরে দেশের অর্থনীতির অবস্থা অতীতের যেকোনো সময়ের তুলনায় ভালো বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। বলেন, বৈদেশিক মুদ্রার মজুদ এখন ১০ দশমিক ৮ বিলিয়ন ডলার, কলমানির সুদের হার ৩ শতাংশ, রপ্তানি প্রবৃদ্ধি বাড়ছে, বিনিয়োগও বাড়ছে। অথচ আজই (বৃহস্পতিবার) একটি পত্রিকায় লেখা হয়েছে, দেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ।অর্থমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, অর্থসচিব মোহাম্মদ তারেক, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারীও ছিলেন।তদন্ত প্রতিবেদন জমা: তদন্ত কমিটির প্রধান খোন্দকার ইব্রাহিম খালেদও পুঁজিবাজারে কারসাজিমূলক ঘটনা ঘটার জন্য এসইসিকে দায়ী করেন। গতকাল সকালে অর্থমন্ত্রীর মিন্টো রোডের বাসায় গিয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, এসইসির গাফিলতির কারণে শেয়ারবাজারে অনিয়ম-দুর্নীতির ঘটনা ঘটেছে। সংস্থাটির দায়িত্বহীনতার কারণে ইস্যুয়ার কোম্পানি, ইস্যু ব্যবস্থাপক, ব্রোকার-ডিলার, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও মূল্যায়নকারী কোম্পানি বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়ে। এসইসি আরও সক্রিয় থাকলে এমনটা হতো না।এ সময় তদন্ত কমিটির সদস্য তৌফিক আহমেদ চৌধুরী, মোহাম্মদ আবদুল বারী ও নিহাদ কবির উপস্থিত ছিলেন।ইব্রাহিম খালেদ পরে কৃষি ব্যাংকে তাঁর নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এবং সরকারি ও বিরোধী দলের যাঁরা শেয়ার ব্যবসার সঙ্গে জড়িত, তাঁদের মাধ্যমে পুঁজিবাজারে কারসাজির ঘটনা ঘটেছে। তাঁর মতে, বিষয়টি অনৈতিক হলেও আইনের মধ্যে থেকেই ঘটেছে। বুক বিল্ডিং পদ্ধতির ব্যাপারে ইব্রাহিম খালেদ বলেন, এ পদ্ধতি খারাপ নয়। তবে বাংলাদেশে এর অপপ্রয়োগ করা হয়েছে। এ জন্য পদ্ধতিটির সংস্কার প্রয়োজন। প্লেসমেন্টের ব্যাপারে বলেন, এটা একটি ভয়াবহ ব্যাপার। এর মাধ্যমে সমাজের একটি বড় অংশকে অসৎ করে ফেলা হয়েছে। এটা একটা দুর্নীতি। এসইসি, আইসিবিসহ বিভিন্ন সরকারি মহল এর সঙ্গে জড়িত। ওপর মহলকে খুশি করতে ঘুষ হিসেবে এটা দেওয়া হয়েছে, যা বেআইনি। অন্তত দুটি হিসাবে ১৯ কোটি টাকা প্লেসমেন্ট-বাণিজ্যের তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি। কমিটির প্রধান আরও বলেন, তদন্তের সময় কিছু সুবিধাভোগী লেনদেন বা ইনসাইডার ট্রেডিংয়েরও সন্ধান পাওয়া গেছে। এ ছাড়া সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে বেসরকারি খাতের যেসব কোম্পানি বাজারে এসেছে, তাদের শেয়ার বিক্রির টাকা ব্যক্তির পকেটে চলে গেছে।এসব ক্ষেত্রে কোনো রাজনৈতিক প্রভাব কাজ করেছে কি না, জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান বলেন, এখানে কোনো রাজনীতি কাজ করেছে বলে মনে হয়নি। যাঁরা প্রভাব সৃষ্টি করেছেন, তাঁরা ব্যবসায়ী। তবে যখন যে ক্ষমতায় থাকে, তখন সে অনেকভাবেই ক্ষমতা কাজে লাগাতে পারে।শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ৮৪ হাজার কোটি টাকা পাচার হয়েছে—বিএনপির এ দাবি প্রসঙ্গে ইব্রাহিম খালেদ বলেন, ‘এটা ফাও কথা। তবে কিছু টাকা বাজার থেকে বের হয়েছে। এর পরিমাণ চার থেকে পাঁচ হাজার কোটি টাকা হতে পারে।’ আরেক প্রশ্নের জবাবে ইব্রাহিম খালেদ বলেন, কারসাজির মাধ্যমে কিছু টাকা বিদেশে পাঠানোর তথ্য পাওয়া গেছে। জেম গ্লোবাল নামে একটি কোম্পানি বিডি থাইয়ের সঙ্গে যুক্ত হয়ে এই টাকা বিদেশে পাঠায়। কারসাজির সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়ার সুপারিশ করা হয়েছে কি না, জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান বলেন, এসইসিকে ঠিক না করে ওদের শাস্তি দিলে আবার একই ধরনের ঘটনা ঘটবে। তদন্ত কমিটির সুপারিশ সম্পর্কে জানতে চাইলে ইব্রাহিম খালেদ বলেন, এসইসি সম্পূর্ণরূপে পুনর্গঠন করা জরুরি। সেখানে লোকবল বাড়াতে হবে। এ ক্ষেত্রে যোগ্য ও নিরপেক্ষ লোক নিয়োগ দিতে হবে, যাঁদের সঙ্গে বাজারে প্রভাব বিস্তারকারীদের সম্পর্ক থাকবে না। এ ছাড়া তদন্ত প্রতিবেদনে ডিএসই ও সিএসইর ডিমিউচুয়ালাইজেশনেরও সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, সরকারও এটা চায়। সুতরাং ডিমিউচুয়ালাইজেশন করার এখনই উপযুক্ত সময়। এটা হলে ব্রোকার-ডিলাররা ব্যবস্থাপনার কাজে অংশ নিতে পারবে না।ধন্যবাদ জ্ঞাপন: দুই মাস ধরে তদন্ত কার্যক্রমে সহযোগিতা করার জন্য ডিএসইর ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে চিঠি দিয়ে ধন্যবাদ জানিয়েছেন ইব্রাহিম খালেদ। ডিএসইর প্রধান নির্বাহীর কাছে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেন, সংস্থাটির উপমহাব্যবস্থাপক খন্দকার আসাদ উল্লাহর নেতৃত্বে আট সদস্যের টাস্কফোর্স তদন্তকাজে আশাতীত সহযোগিতা করেছে। এ গুরুত্বপূর্ণ সহযোগিতার জন্য তদন্ত কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই।