এসইসি সদস্য মনসুর আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সদস্য পদে মনসুর আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। ১১ জানুয়ারি থেকে এই বাতিলাদেশ কার্যকর করা হয়েছে।আজ রোববার সংস্থাপন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ অধিশাখা এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, মনসুরের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর বর্তমান চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হলো। রাষ্ট্রপতির আদেশে জারি করা এ প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব কাজী আনোয়ারুল হক। প্রসঙ্গত, সম্প্রতি শেয়ারবাজারের বিপর্যয়ে নানাভাবে তাঁর নাম যুক্ত হয়ে পড়ে। সর্বশেষ কমিশনকে এড়িয়ে তিনি দুটি নির্দেশনা জারি করে বাজার অস্থির করে তোলেন। এরই পরিপ্রেক্ষিতে প্রথমে এসইসিতে তাঁর দায়িত্ব রদবদল করা হয়। এরপর সরকারের উচ্চপর্যায়ের বৈঠকে তাঁকে নিষ্ক্রিয় করে রাখার সিদ্ধান্ত হয়। এর ফলে তিনি পদত্যাগ করেন।