পুঁজিবাজার তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়নে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) আটটি ভিন্ন নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী, ১৪টি বিষয়ে অধিকতর তদন্ত, আইপিও ও প্রাক-আইপিও, প্লেসমেন্ট শেয়ার, বুক বিল্ডিং পদ্ধতি, শেয়ারের অভিহিত মূল্য (ফেস ভ্যালু), শেয়ারের মূল্য নির্ধারণ, রাইট শেয়ার ইস্যু এবং ব্যাংক কোম্পানি আইন সংশোধন বিষয়ে এ নির্দেশনা দিয়ে এসইসিকে চিঠি পাঠানো হয়েছে। নির্দেশনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা জানানো হয়েছে। আরও বলা হয়েছে, এসব বিষয়ে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করে অর্থ মন্ত্রণালয়কে জানাতে হবে। এ ছাড়া পুঁজিবাজারের সার্বিক বিষয় দেখভালের জন্য সরকার শিগগির উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি টাস্কফোর্স গঠন করবে বলে জানা গেছে। খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বাধীন পুঁজিবাজার তদন্ত কমিটির সুপারিশমালা কতটুকু বাস্তবায়িত হচ্ছে, তা পর্যবেক্ষণ ও পরিবীক্ষণ করার জন্য গঠন করা হচ্ছে এই টাস্কফোর্স। টাস্কফোর্স পুঁজিবাজারের সংস্কার কার্যক্রমও মূল্যায়ন করবে। এসইসির সাবেক চেয়ারম্যান, অর্থনীতিবিদ, চার্টার্ড অ্যাকাউনটেন্ট, আর্থিক বিশ্লেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, সাবেক আমলা, বাংলাদেশ ব্যাংক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা এই টাস্কফোর্সের সদস্য হবেন।অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী প্রথম আলোকে বলেন, সরকারের পক্ষ থেকে এসইসিকে চিঠি পাঠানো হয়েছে। এসইসি সে অনুযায়ী পদক্ষেপ নেবে। আর টাস্কফোর্সটি গঠন করা হবে শিগগিরই। তবে এর কার্যপত্র এখনো তৈরি করা হয়নি। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, পুঁজিবাজারের সাম্প্রতিক উত্থান-পতন তদন্তের জন্য গঠিত কমিটির সুপারিশ ও পর্যবেক্ষণের ভিত্তিতে সরকার ১৪টি বিষয়ে অধিকতর তদন্ত অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে কিছু বিষয়ে এক মাস ও কিছু বিষয়ে তিন মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। এক মাসের মধ্যে অধিকতর তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে কয়েকটি বিষয়ে। যেমন, মোসাদ্দেক আলী ফালু গংয়ের অমনিবাস হিসাবের শ্যাডো হিসাব পরীক্ষা, শীর্ষ ৩০ প্লেসমেন্টধারীর অর্থসংস্থান ও আন্তসংযোগ নিবিড় পর্যবেক্ষণ, উল্লম্ফনের সময় মুখ্য ভূমিকা পালনকারী, সিরিয়াল ট্রেডিং ও কারসাজি, শীর্ষ প্লেয়ারদের সন্দেহজনক লেনদেন, মাত্র দুটি ঠিকানায় ১৯ জন ব্যক্তিকে ১৯ কোটি টাকার শেয়ার বরাদ্দ দেওয়া ও আহসান ইমাম গংদের নামে বিপুল অঙ্কের শেয়ার বরাদ্দ এবং ডিসেম্বর ১০ থেকে জানুয়ারি ১১ সময়ে শীর্ষ বিক্রেতাদের আপনার গ্রাহককে জানুন (কেওয়াইসি) পরীক্ষা। তিন মাসের গুলো হচ্ছে—পাঁচ সদস্যবিশিষ্ট চার্টার্ড অ্যাকাউনটেন্টের মাধ্যমে সম্পদ অধিক মূল্যায়নের ঘটনা পুনঃপরীক্ষা, ১৭টি কেস স্টাডি পর্বে চিহ্নিত সমস্যা, রাইট শেয়ার ও অগ্রাধিকার শেয়ার ইস্যুতে অনৈতিকতা রোধে তিন বছরের বিধিনিষেধ আরোপ, আবদুস সালাম ও শামীমা শরীফের সন্দেহজনক লেনদেন।যোগাযোগ করা হলে এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘অর্থ মন্ত্রণালয় থেকে চিঠি এসেছে। আজই (সোমবার) এসইসিতে তিনজন সদস্য নিয়োগ সম্পন্ন হলো। বাজারের স্বার্থে আমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে দেরি করব না।’ আইপিও ও প্রাক-আইপিও বিষয়ে চিঠিতে বলা হয়েছে, ‘পুঁজিবাজারে অস্বাভাবিক উত্থান-পতনের জন্য তদন্ত কমিটির সুপারিশে আইপিও ও প্রাক-আইপিও প্রক্রিয়ায় স্বচ্ছতা না থাকার কথা বলা হয়েছিল। এ ব্যাপারে অধিকতর স্বচ্ছতা আনতে একটি নিয়মাচার প্রণয়নের সুপারিশ ছিল প্রতিবেদনে। সেই সুপারিশ অনুযায়ী আইপিও ও প্রাক-আইপিও প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত সব পক্ষের সঙ্গে এসইসিকে আলাপ করতে হবে। তারপর একটি নিয়মাচার তৈরি করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠাতে হবে।’এ ছাড়া চিঠিতে সুশীল সমাজ, জনপ্রতিনিধি, গবেষকসহ সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি বাজার উপযোগী প্লেসমেন্ট শেয়ার নিয়মাচার তৈরি করতে বলা হয়েছে। বুক বিল্ডিং পদ্ধতিতে মূল্য বিকৃতির কথা উল্লেখ করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এসইসিকে জানিয়েছে, ‘এ বিকৃতি রোধ করতে আলোচনার ভিত্তিতে একটি যথাযথ বিধান চালু করতে হবে।’চিঠিতে শেয়ারের অভিহিত মূল্য অভিন্ন করার বিষয়ে সুনির্দিষ্ট মতামতসহ প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। এ ছাড়া স্থির মূল্য পদ্ধতিতে শেয়ার মূল্য নির্ধারণের জন্য একটি মূল্য নির্ধারণ কমিটি গঠন, রাইট শেয়ার ইস্যু বিধিমালায় যুগোপযোগী পরিবর্তন এনে সর্বজন গৃহীত বিধিমালা প্রণয়ন, ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনের ২৬ (২) ধারার সংশোধন এবং অগ্রাধিকার শেয়ার ছাড়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের কথা বলা হয়েছে এসইসিকে।যোগাযোগ করা হলে সাবেক অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পুঁজিবাজার সম্পর্কিত কোনো বিষয় নিয়ে অর্থ মন্ত্রণালয় থেকে এ রকম নির্দেশনা সংস্থা হিসেবে এসইসির মানমর্যাদার ওপর একরকমের আঘাত। সুতরাং এ ধরনের নির্দেশনাকে আমি সমর্থন করি না।’ মির্জ্জা আজিজ বলেন, নির্দেশনা দেওয়ার এখতিয়ার সরকারের আছে। কিন্তু তার আগে এসইসির মতামত লাগবে। মির্জ্জা আজিজ আরও বলেন, তদন্ত কমিটি কিন্তু এসইসি গঠন করেছিল। সুতরাং এর সুপারিশও এসইসি-ই বাস্তবায়ন করবে। মন্ত্রণালয় থেকে এ ধরনের নির্দেশনা সুস্পষ্টভাবে এসইসিকে খাটো করে দেখা ছাড়া আর কিছুই নয়। এতে এসইসির কর্মকর্তাদের কর্মস্পৃহার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তিনি মনে করেন।