এসইসিকে হিসাব তলবের ক্ষমতা দিতে বিল
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাব তলবের ক্ষমতা দিতে জাতীয় সংসদে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) বিল ২০১২ উত্থাপিত হয়েছে। এ ছাড়া সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (সংশোধন) বিল ২০১২ সংসদে তোলা হয়েছে। আজ সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিল দুটি জাতীয় সংসদে তুলেন। পরে দুটি বিল পরীক্ষা-নিরীক্ষার জন্য অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। প্রস্তাবিত আইনের ৯ দফায় বলা হয়েছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করে যেকোনো ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সংস্থা বা অন্য কর্তৃপক্ষ থেকে সিকিউরিটিজ লেনদেন-সম্পর্কিত তদন্তাধীন ব্যাংক হিসাবসংক্রান্ত তথ্য ও নথি তলব করতে পারবে। বর্তমানে বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আদালতের এই ক্ষমতা রয়েছে। বিলে এসইসির নাম বদলে ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অব বাংলাদেশ (এসইসিবি)’ করার প্রস্তাব করা হয়েছে।প্রস্তাবিত আইন অনুযায়ী কমিশনের সদস্যরা ‘কমিশনার’ হিসেবে বিবেচিত হবেন। চেয়ারম্যান ও সদস্যরা বর্তমানে তিন বছরের জন্য নিয়োগ পান; প্রস্তাবিত আইনে তা চার বছর করা হয়েছে। বিলের ১৪ দফায় বলা হয়েছে, কমিশন যে অঙ্কের টাকা জরিমানা করবে, তার ১৫ শতাংশ কমিশনের তহবিলে জমা না দিয়ে ওই জরিমানা আদেশের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জএসইসির ক্ষমতা বাড়াতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ আইন সংশোধনের প্রস্তাবে বলা হয়েছে, কমিশনের সাবেক ও বর্তমান চেয়ারম্যান, কমিশনার, কর্মকর্তা ও কর্মচারীরা কমিশনের অনুমতি ছাড়া কোনো গোপনীয় তথ্য প্রকাশ করতে পারবেন না। কেউ আইন-বিধান লঙ্ঘন করলে তিনি সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড, অথবা পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। আজ সংসদে অনুমোদনের জন্য আরও তোলা হয় রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে জারি করা বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস অ্যান্ড বার কাউন্সিল (সংশোধন) বিল ২০১২। আইনমন্ত্রী শফিক আহমেদ বিলটি তোলার পর তা পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়।