এসইসির চেয়ারম্যান নিয়োগের দিনক্ষণ নির্ধারিত হয়নি: মুহিত
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নতুন চেয়ারম্যান ও সদস্য নিয়োগের দিনক্ষণ নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ‘আগে অনেক তারিখ দিয়ে ঠিক রাখতে পারিনি। তাই এবার আর কোনো তারিখ দিচ্ছি না। তারিখ বলাটা খুব মুশকিল। তবে নতুন চেয়ারম্যান ও সদস্য কয়েক দিনের মধ্যেই নিয়োগ দেওয়া হবে।’আজ বৃহস্পতিবার সচিবালয়ে গ্রামীণ ব্যাংকের পর্যালোচনা কমিটির প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে অর্থমন্ত্রী এসব কথা বলেন। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী, যুগ্ম সচিব গোকুল চাঁদ দাস এ সময় উপস্থিত ছিলেন।নিয়োগপ্রক্রিয়া দেরির কারণে দুঃখ প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, ‘আমি দেশে ছিলাম না। প্রধানমন্ত্রীও ছিলেন না। প্রধানমন্ত্রী আগামী ১৫ মে দেশের বাইরে যাবেন। যাওয়ার আগে সবকিছু চূড়ান্ত করে যাবেন বলে আশা করছি।’নিয়োগ দেওয়ার আগে এসইসির নতুন চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে চুক্তি করতে হবে বলেও জানান অর্থমন্ত্রী।মুহিত বলেন, যেভাবেই হোক, দ্রুততম সময়ের মধ্যেই এসইসির চেয়ারম্যান ও সদস্য নিয়োগ দেওয়া হবে। তবে চেয়ারম্যান এখনো খুঁজতে হচ্ছে। স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশন (ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথককরণ) যথাসময়েই হবে বলে জানান তিনি।অর্থমন্ত্রী বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিজের মতো করে কাজ করছে। সংস্থাটির গোয়েন্দা কার্যক্রমের তথ্য যদি বাইরে প্রকাশ হয়ে যায়, তাহলে তো তাদের কার্যক্রমই বন্ধ করে দেওয়া দরকার।