এসইসির চেয়ারম্যানকে হাইকোর্টের তিরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারের বর্তমান অবস্থার জন্য নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকারকে তিরস্কার করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, অন্য দেশে হলে এই পদে থাকা ব্যক্তি দায়িত্ব ছেড়ে দিতেন।নিবন্ধন স্থগিতসংক্রান্ত এসইসির আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে পাঁচটি ব্রোকারেজ হাউসের করা পৃথক রিটের শুনানিতে আজ সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। এ ছাড়া শেয়ারবাজার ঘিরে চলমান ঘটনা রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মন্তব্য করেন আদালত। রিটের ওপর শুনানি শেষ হয়েছে। কাল এ বিষয়ে আদেশ দেওয়ার কথা রয়েছে। এর আগে ২৩ জানুয়ারি এসইসি ছয়টি ব্রোকারেজ হাউসের লেনদেন স্থগিত করে। পাঁচটি প্রতিষ্ঠানের পক্ষে পৃথক রিট করা হয়। লেনদেন স্থগিতের আদেশে বাংলাদেশ সরকারের প্রতীক ব্যবহার করার বিষয়টি আদালতের নজরে আনা হয়। এর পরিপ্রেক্ষিতে আজ বেলা তিনটায় আদালত এসইসির চেয়ারম্যানকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হাজির হতে বলেন।আদালতের নির্দেশ অনুসারে সোয়া তিনটার দিকে আদালতে হাজির হন এসইসির চেয়ারম্যান। আদালত তাঁকে এজলাসের ডান পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। জানতে চাওয়া হয়, এসইসি সরকারি বিভাগ কি না। রাষ্ট্রীয় প্রতীক (লোগো) ব্যবহার করতে পারে কি না। জবাবে প্রথমে চেয়ারম্যান সরকারি বিভাগ বললেও পরে বলেন, এটা বিধিবদ্ধ সংস্থা। একপর্যায়ে তিনি ভুল স্বীকার করে বলেন, ‘আমার ভুল হয়েছে।’আদালত বলেন, ‘ওপরে লেখা আছে (এসইসির নোটিশে) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। উনি মাস্টার ডিগ্রিধারী। এটা সাধারণ জ্ঞানের ব্যাপার। প্রায় এক মাস ধরে শেয়ারবাজার নিয়ে যে টালমাটাল অবস্থা চলছে, অন্য কোনো দেশ হলে এর প্রধান পদত্যাগ করতেন।’ আদালত মন্তব্য করে বলেন, ‘এটা রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। যিনি বিধিবদ্ধ সংস্থা ও সরকারি সংস্থার মধ্যে পার্থক্য বুঝতে পারেন না, তিনি কী করে এ পরিস্থিতি সামলাবেন! এটা তো সাধারণ জ্ঞানের ব্যাপার। দীর্ঘদিনের অভিজ্ঞতার পরও তিনি কমনসেন্স (সাধারণ জ্ঞান) অর্জন করতে পারেননি।’ আদালত মন্তব্য করেন, তাঁর দক্ষতার অভাব রয়েছে।একপর্যায়ে আদালত এক দিনের মধ্যে এসইসির লেটার হেডে থাকা রাষ্ট্রীয় প্রতীক ব্যবহারের বিষয়টি সংশোধন করার নির্দেশ দেন। অন্যথায় বিষয়টি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে পাঠানোর কথা জানান আদালত। জানা যায়, ২৩ জানুয়ারি এসইসি ছয়টি ব্রোকারেজ হাউসের লেনদেন কার্যক্রম ৩০ দিনের জন্য স্থগিত করে। এগুলো হলো: আইআইডিসি সিকিউরিটিজ লিমিটেড, পিএফআই সিকিউরিটিজ, অ্যালায়েন্স সিকিউরিটিজ অ্যান্ড ম্যানেজমেন্ট, এনসিসি ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও ঢাকা ব্যাংক। এর বৈধতা চ্যালেঞ্জ করে এনসিসি ব্যাংক ছাড়া পাঁচটি প্রতিষ্ঠানের পক্ষে পৃথক রিট করা হয়।আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী এম জহির ও রোকনউদ্দিন মাহমুদ শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। বিকেল পাঁচটা পর্যন্ত আদালতকক্ষে উপস্থিত ছিলেন এসইসির চেয়ারম্যান।