এসইসির নির্বাহী পরিচালককে অপসারণের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার গুরুত্বপূর্ণ পদে থেকে চাকরিবিধি লঙ্ঘন ও প্রভাব বিস্তার করে স্ত্রীর নামে শেয়ার ব্যবসায় যুক্ত থাকার অভিযোগে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্বাহী পরিচালক আনোয়ারুল কবীর ভূঁইয়াকে কমিশনের চাকরি থেকে অপসারণের সুপারিশ করা হয়েছে।এসইসির দুই নির্বাহী পরিচালকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অধিকতর তদন্তের জন্য গঠিত কমিটি এই সুপারিশ করেছে। আর এই সুপারিশ পাওয়ার পর গতকাল বৃহস্পতিবার এসইসির এক জরুরি সভায় তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে আনোয়ারুল কবীরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আনোয়ারুল কবীর ভূঁইয়া বর্তমানে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) রয়েছেন।তবে অভিযুক্ত অপর নির্বাহী পরিচালক এ টি এম তারিকুজ্জামানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তথ্য-প্রমাণ না পাওয়ায় তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছে কমিটি। এসইসির বর্তমান সদস্য হেলাল উদ্দিন নিজামী ও আমজাদ হোসেনের সমন্বয়ে গঠিত কমিটি আনোয়ারুল কবীর ও তারিকুজ্জামানের বিষয়ে তদন্ত পরিচালনা করে। তারা ২১৮ পৃষ্ঠার বিশদ তদন্ত প্রতিবেদন কমিশনে দাখিল করেছে।এসইসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিকতর তদন্ত প্রতিবেদনে আনোয়ারুল কবীর ভূঁইয়ার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের পক্ষে যথেষ্ট তথ্য-উপাত্ত পাওয়া গেছে। এর ভিত্তিতে তাঁর বিরুদ্ধে গুরুদণ্ড আরোপের সম্ভাবনা থাকায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চাকরি প্রবিধানমালা-১৯৯৫-এর বিধান অনুযায়ী তাঁকে কমিশনের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এ টি এম তারিকুজ্জামানকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। জানা গেছে, কোনো অভিযোগের ভিত্তিতে কাউকে কমিশনের চাকরি থেকে স্থায়ীভাবে অপসারণ করতে হলে কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এরই অংশ হিসেবে আনোয়ারুল কবীর ভূঁইয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে আনোয়ারুল কবীর ভূঁইয়ার বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও কোনো উত্তর পাওয়া যায়নি। একই সঙ্গে কমিশন আনোয়ারুল কবীর ভূঁইয়ার স্ত্রী রোকসানা আক্তারকে শেয়ার ব্যবসার ক্ষেত্রে নির্ধারিত সীমা লঙ্ঘন করে মাত্রাতিরিক্ত ঋণসুবিধা দেওয়ায় এনবিএল সিকিউরিটিজের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এর আগে গত বছর কৃষি ব্যাংকের বর্তমান চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে গঠিত পুঁজিবাজার তদন্ত কমিটির প্রতিবেদনে আনোয়ারুল কবীর ভূঁইয়ার বিরুদ্ধে শেয়ারবাজারে দুর্নীতির বেশ কিছু অভিযোগ সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ উপস্থাপন করা হয়। প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশও করা হয়। পাশাপাশি তারিকুজ্জামানের বিরুদ্ধে তৎকালীন কমিশনকে (জিয়াউল হক খোন্দকারের নেতৃত্বাধীন কমিশন) প্রভাবিত করার অভিযোগ এনে তাঁকেও কমিশন থেকে অপসারণের সুপারিশ করা হয়েছিল।এরপর ২০১১ সালের ২৫ জুলাই এসইসির বর্তমান সদস্য হেলাল উদ্দিন নিজামীর নেতৃত্বে দুই সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্য ছিলেন এসইসির সদস্য আমজাদ হোসেন। গত ২২ ফেব্রুয়ারি কমিটি এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেনের হাতে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেয়। তদন্তে যা এসেছে তদন্তে আনোয়ারুল কবীরের বিরুদ্ধে চাকরিবিধি লঙ্ঘন, কর্মক্ষেত্রে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মিথ্যা তথ্য প্রদান ও ক্ষমতার অপব্যবহারের সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেছে।প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর স্ত্রী রোকসানা আক্তারের শেয়ার ব্যবসা সম্পর্কে তিনি সম্যক অবহিত ছিলেন। তাঁরই সহযোগিতা ও প্রভাবে শেয়ারের বিপরীতে নির্ধারিত ঋণসীমার বেশি ঋণ নিয়ে রোকসানা আক্তার শেয়ার ব্যবসায় মনোযোগী হন। রোকসানা আক্তারের নামে পরিচালিত চারটি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে মোট ২২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার বা সিকিউরিটিজ কেনা হয়। এর বিপরীতে বিক্রি করা হয় ২৩ কোটি ২৩ লাখ টাকার শেয়ার বা সিকিউরিটিজ। এই কেনাবেচার মাধ্যমে রোকসানা আক্তার ৮০ লাখ ৭২ হাজার টাকা প্রকৃত মুনাফা বা নিট লাভ করেছেন। এর ফলে আনোয়ারুল কবীর এসইসির কর্মচারী চাকরি প্রবিধানমালা-সংক্রান্ত নির্দেশনার পরিপূর্ণ লঙ্ঘন করেছেন।তদন্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, রোকসানা আক্তারের নামে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, বিএলআই সিকিউরিটিজ, লংকাবাংলা সিকিউরিটিজ ও এনবিএল সিকিউরিটিজে চারটি বিও হিসাব রয়েছে। আবার এনবিএল সিকিউরিটিজ রোকসানা আক্তারের বিও হিসাবে মাত্র তিন লাখ টাকার বিপরীতে তিন কোটি ২০ লাখ টাকার ঋণসুবিধা দিয়েছে। সেই হিসাবে রোকসানা আক্তার এক টাকার বিপরীতে প্রায় ১০৭ টাকা (১: ১০৭) হারে ঋণসুবিধা পেয়েছেন। অথচ শেয়ারবাজারে কখনোই এত অধিক হারে ঋণ দেওয়ার কোনো বিধান ছিল না। তাই রোকসানা আক্তারের ওই হিসাবে ঋণসুবিধা দেওয়ার ক্ষেত্রে এনবিএল সিকিউরিটিজও এসইসির মার্জিন ঋণসংক্রান্ত নির্দেশনা মানেনি। প্রতিবেদন থেকে আরও জানা যায়, চাকরির ক্ষেত্রে জমা দেওয়া জীবনবৃত্তান্তে আনোয়ারুল কবীর ভূঁইয়া শিক্ষাগত যোগ্যতায় এলএলবি পাসের কথা উল্লেখ করলেও এলএলবি পাসের কোনো সনদ কমিশনে দাখিল করেননি। ২০০১ সালে কমিশন তাঁর কাছ থেকে এলএলবি পাসের সনদ তলব করে। তার পরও তিনি এলএলবি সনদ জমা দেননি। চাকরিবিধি অনুযায়ী এটিকে শাস্তিযোগ্য অপরাধ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।এ ছাড়া আনোয়ারুল কবীর ভূঁইয়া ও তাঁর স্ত্রী রোকসানা আক্তারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে। এতে এই দুজনের বিরুদ্ধে আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ অর্থ বা সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগের সত্যতা পাওয়া যায়।দুদকের মামলার ভিত্তিতে অধিকতর তদন্তের জন্য গঠিত কমিটি আনোয়ারুল কবীর ভূঁইয়াকে দুর্নীতিপরায়ণ ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছে। অন্যদিকে, এ টি এম তারিকুজ্জামানের ব্যাপারে বলা হয়, পুঁজিবাজার কিংবা কমিশন প্রভাবিত হতে পারে এমন অনৈতিক অনাচারে জড়িত থাকার অভিযোগ তথ্য-প্রমাণ দ্বারা নিশ্চিত হওয়া যায়নি। তবে তাঁর সম্পর্কে পর্যবেক্ষণে বলা হয়েছে, উপপরিচালক পদে নিয়োগের সময় আবেদনপত্রে উল্লিখিত অভিজ্ঞতার সনদের কপি কমিশনে জমা না দিয়ে তিনি অন্যায় করেছেন।প্রতিবেদনে আরও বলা হয়েছে, তথ্য বিশ্লেষণে তারিকুজ্জামান কর্তৃক কমিশনে প্রভাব বিস্তারের অভিযোগ সরাসরি প্রমাণযোগ্য না হলেও জনশ্রুতি আছে যে তিনি অনেক আইপিও অতিমূল্যায়নে হয়তো নীরব সাক্ষী, নয়তো এসব দুষ্কর্মের অংশীদার।