এসইসির সম্পূর্ণ পুনর্গঠন হচ্ছে
পুঁজিবাজারের আস্থা নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) সম্পূর্ণ পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে নতুন চেয়ারম্যান ও সদস্য নিয়োগ করা হচ্ছে। এ ছাড়া এসইসির দুজন নির্বাহী পরিচালকের বিরুদ্ধে সংশ্লিষ্ট চাকরিবিধি অনুযায়ী বিভাগীয় মামলা রুজু এবং সাবেক সদস্য মনসুর আলম ও শীর্ষ নির্বাহীদের ব্যাপারে নিবিড়ভাবে তদন্ত করা হবে। পুঁজিবাজার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল শনিবার সচিবালয়ে এসব তথ্য জানান। তিনি বলেন, ‘পুঁজিবাজার নিয়ন্ত্রণে এসইসি পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে কমিটি যে অভিমত দিয়েছে, সরকার তা গ্রহণ করছে না। বরং সরকার দেখছে যে এতে অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানও যথাযথ পদক্ষেপ সব সময় নেয়নি। তার পরও বাজারের ওপর সবার আস্থা নিশ্চিত করতেই এসইসি পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এসইসির নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে। দু-চার দিনের মধ্যেই তিনি তাঁর জায়গায় বসবেন। দুজন নতুন সদস্যও নিয়োগ দেওয়া হবে। যে দুজন সদস্য আছেন, তাঁরা চলে যাবেন। একজন সদস্য এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছেন। আরেকজনের বিষয়টি জনপ্রশাসন (সংস্থাপন) মন্ত্রণালয়ে রয়েছে। তিনি জানান, চেয়ারম্যান ও সদস্যদের নামধাম একই সঙ্গে জানা যাবে।তদন্ত প্রতিবেদনে সুপারিশ নেই তার পরও বর্তমান সদস্যদের অপসারণ করা হবে কেন—একজন সাংবাদিকের এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, পুরো এসইসির ব্যর্থতা রয়েছে। সব সদস্য মিলেই এসইসি চালান। কিন্তু তাঁরা তা প্রতিরোধ করতে পারেননি। পুরো এসইসির প্রতিই মানুষের বিশ্বাস উঠে গেছে। তাই বাকি দুই সদস্যকেও সরতে হবে। অর্থমন্ত্রী বলেন, এসইসির সদস্যদের সরানোর জন্য কিছু নিয়ম আছে। সেই নিয়ম মেনে এটা করতে গেলে কিছু সময় লাগবে। তদন্ত কমিটির প্রতিবেদনে এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার এবং দুজন নির্বাহী পরিচালক আনোয়ারুল কবীর ভূঁইয়া ও তারিকুজ্জামানকে অপসারণ এবং সাবেক সদস্য মনসুর আলমের ব্যাপারে নিবিড় তদন্তের সুপারিশ করেছিল। এ সুপারিশের অংশ হিসেবে চেয়ারম্যান পরিবর্তন ও দুই নির্বাহী পরিচালকের বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী বিভাগীয় মামলা রুজুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে মনসুর আলম ছাড়াও সংস্থাটির শীর্ষ নির্বাহীদের ব্যাপারেও নিবিড় তদন্ত করা হবে। এর বাইরে আনোয়ারুল কবীর ভূঁইয়া ও হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের মহাব্যবস্থাপক কফিল উদ্দিন আহমেদ চৌধুরীর বিরুদ্ধে অর্থ মন্ত্রণালয় বিভাগীয় মামলা গঠন করা হবে। তাঁদের নামে বিধিবহির্ভূতভাবে বিপুল পরিমাণ শেয়ার লেনদেনের প্রমাণ রয়েছে তদন্ত প্রতিবেদনে। এ বিষয়ে গতকাল অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দুর্নীতির মামলা গঠনের উদ্দেশ্যে এই দুজনের বিষয়টি দুর্নীতি দমন কমিশনে প্রেরণ করা হবে।