এসইসির সিদ্ধান্ত: নতুন প্রতিষ্ঠানের সূচক গণনা করা হবে দ্বিতীয় দিন থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন প্রতিষ্ঠানের ক্ষেত্রে দ্বিতীয় দিন থেকে সূচক গণনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার বিকেলে এসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, নতুন প্রতিষ্ঠান বাজারে আসার প্রথম দিন সূচক যে হারে বাড়ে, তাতে বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়। এ কারণে এখন থেকে সূচকের ঊর্ধ্বগতি গণনায় নতুন প্রতিষ্ঠানের লেনদেন প্রথম দিনে নয়, দ্বিতীয় দিন থেকে ধরা হবে।গ্রামীণফোনের কারণে সূচক যে হারে বেড়েছে, তা আন্তর্জাতিক মানসম্মত নয়—এমন প্রতিবেদন পত্রিকায় প্রকাশের পর থেকেই ডিএসই, এসইসি ও সিএসই এ বিষয়ে আলোচনা করে আসছিল। তবে গ্রামীণফোনের কারণে সূচক বৃদ্ধির বিষয়টি সংশোধন করা হবে কি না, সে বিষয়ে ফরহাদ আহমেদ পরিষ্কার করে কিছু বলেননি।এদিকে আজকের ঢাকা শেয়ারবাজারে লেনদেনে চাঙাভাব অব্যাহত ছিল। দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ১১৩ কোটি টাকা। সাধারণ সূচক ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৭৯৪ পয়েন্টে।লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৮টির, কমেছে ৯৬টির। লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল গ্রামীণফোন, বেক্সিমকো লিমিটেড, স্কয়ার ফার্মা, পাওয়ারগ্রিড ও তিতাসগ্যাস।এ ছাড়া আফতাব অটো ও এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড তাদের প্রতিষ্ঠান সম্প্রসারণের লক্ষ্যে পুঁজিবাজার থেকে প্রেফারেন্স শেয়ার ছাড়ার মাধ্যমে অর্থ তুলে নিচ্ছে। অন্যদিকে পিপলস ইন্স্যুরেন্স রেকর্ড ডেটের আগে যেসব বিনিয়োগকারীর কাছে শেয়ার থাকবে, তাঁদের ১০০ টাকা প্রিমিয়াম এবং ১০০ টাকা অভিহিত মূল্য অর্থ্যাত্ ২০০ টাকার বিনিময়ে ১:১ হারে রাইট শেয়ার দেবে।অন্যদিকে ফিনিক্স ফিন্যান্স ৬০ কোটি টাকা মূল্যের প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যে ফার্স্ট মিউচুয়াল ফান্ড বাজারে আনার সিদ্ধান্তের কথা জানিয়েছে।