এসইসির হঠাৎ সিদ্ধান্তে স্থগিত হয়ে গেছে ডিএসইর নির্বাচন
কোম্পানির শেয়ার লেনদেনকারী দেশের দুটি প্রতিষ্ঠানকেই সরকার নিজের নিয়ন্ত্রণে রাখতে উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) মাধ্যমে এ লক্ষ্যে নতুন একটি আদেশ দেওয়া হয়েছে। গতকাল রোববার দেওয়া এক আদেশে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিইসি) আসন্ন নির্বাচনে যাঁরাই অংশ নেবেন তাঁদের এসইসি থেকে অনাপত্তি নিতে বলা হয়েছে। অথচ এই দুটি প্রতিষ্ঠানই পৃথক কোম্পানি এবং তাদের পৃথক সংঘ স্মারক ও বিধি রয়েছে।ডিএসইর মনোনয়নপত্র জমা দেওয়ার এক দিন আগে এসইসির এই নতুন নির্দেশের কারণে নির্বাচন স্থগিত হয়ে গেছে। নতুন করে তফসিল ঘোষণা করতে পরিচালনা পর্ষদ ঘোষিত নির্বাচন স্থগিত করেছে বলে জানা গেছে। এসইসির এই আদেশে বলা হয়েছে, ডিএসইর নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ন্যূনতম পাঁচ দিন আগে এসইসির কাছ থেকে অনাপত্তি নিতে হবে। স্থগিত হওয়া তফসিল অনুসারে ডিএসইর নির্বাচনে আজ সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। আর আগামী ৩ মার্চ ছিল নির্বাচনের দিন। ডিএসইর সূত্রগুলো বলছে, রাজনৈতিক উদ্দেশ্যে সরকার এসইসিকে দিয়ে এমন একটি সিদ্ধান্ত নিয়ে শেয়ারবাজারের মতো পৃথক সত্তার একটি প্রতিষ্ঠানের ওপর তা চাপিয়ে দিয়েছে। জানা গেছে, এসইসির সভায় বলা হয়েছে যে সরকারের ইচ্ছানুসারে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে।এদিকে এসইসি ডিএসইর সংঘ স্মারকবিধিতেও কিছু পরিবর্তন অনুমোদন করেছে। অভিযোগ রয়েছে, বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হওয়ার পর আবার নির্বাচনের সুযোগ তৈরি করতে বিশেষ সাধারণ সভা করে যে সংশোধনী আনা হয়েছে, এর মূল উদ্দেশ্য হলো বিশেষ গোষ্ঠীকে পুনরায় পরিচালনা পর্ষদে আনা। এ ব্যাপারে কথা বলার জন্য বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার ও মুখপাত্র আনোয়ারুল কবীর ভূঁইয়ার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সদস্য মনসুর আলমকে টেলিফোনে পাওয়া গেলেও আদেশের বিষয়টি নিশ্চিত করা ছাড়া আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রার্থী বলেন, ‘বিশ্বের কোনো দেশের নিয়ন্ত্রক সংস্থা নির্বাচনে এমন হস্তক্ষেপ করে বলে আমাদের জানা নেই। নির্বাচন বন্ধ করতেই তাদের এ উদ্যোগ। কারণ ৩১ মার্চের পর নির্বাচন করতে গেলে হাইকোর্টের আদেশ প্রয়োজন হবে। এর আগে ১৯৯৭ সালেও একবার নির্বাচন বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছিল।’জানা গেছে, বর্তমানের মতো ওই সময়ও ডিএসইর সভাপতি ছিলেন রকিবুর রহমান। যোগাযোগ করা হলে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও এসইসির সাবেক চেয়ারম্যান এ বি মির্জ্জা আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে প্রয়োজন মনে করলে এসইসি নির্বাচনের বিষয়ে নির্দেশনা দিতে পারে। কিন্তু কে নির্বাচনে অংশ নিতে পারবেন আর কে পারবেন না, সেটা আগে থেকে ঠিক করে দেওয়া কতটুকু যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ কেউ নির্বাচনের যোগ্য না হলে তা নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমেই বাছাই করা সম্ভব।জানা গেছে, ডিএসইর নির্বাচনে অংশ নেওয়ার জন্য গতকাল পর্যন্ত কাজী ফিরোজ রশীদ, আহমদ রশীদ লালী, দস্তগীর মোহাম্মদ আদেল, গোলাম কাদের, ফখরুল ইসলাম, এহসানুল ইসলাম টিটো, সালমান এফ রহমান, এ কে এম সামছুদ্দোহা, এ এফ শাহাদুল হক বুলবুল, ফয়সাল কবির চৌধুরী এরই মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া আহমেদ ইকবাল হাসান, খাজা গোলাম রসুল, নেসারউদ্দিন মোহাম্মদ ওয়ালিউল্ল্যাহ ও রকিবুর রহমানের আজ শেষ দিন মনোনয়নপত্র সংগ্রহ করার কথা। আগের সংঘ স্মারক বিধি অনুযায়ী এবারই রকিবুর রহমানের পরিচালনা পর্ষদে থাকার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এ সময় একজন পরিচালক সর্বোচ্চ তিন বছর পর্যন্ত পরিচালনা পর্ষদে থাকতে পারতেন এবং পুনরায় নির্বাচিত হতে হলে নির্দিষ্ট সময় বিরতি দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা যেত। কিন্তু নতুন বিধিতে প্রতিবারই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ রাখা হয়েছে। এ সুযোগে তিনি কোনো ধরনের বিরতি ছাড়াই নির্বাচনে অংশ নিতে পারবেন। গত ২৪ নভেম্বর ডিএসইর বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এ সংশোধনীসহ নির্বাচনসংক্রান্ত বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।