এসএ গেমস ক্রিকেট: মালদ্বীপকে ২৭ রানে অলআউট করে ৮ উইকেটে জিতল বাংলাদেশ
কোনো কোনো সময় লড়াইটা হয় নিজেদের সঙ্গে। যেমনটা আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসএ গেমসের ক্রিকেটে লড়াইটা যতটা না মালদ্বীপের সঙ্গে, তার চেয়েও বেশি ছিল নিজেদের মধ্যে। বোলিংয়ের সময় কোন বোলার বেশি উইকেট নিতে পারবেন, কোন ব্যাটসম্যান কার চেয়ে বেশি ব্যাটে রানের ফোয়ারা ছোটাতে পারবেন—সেই লড়াইয়ে বোলাররা সফল হলেও ব্যাটসম্যানরা কিন্তু ভালো ব্যবধানেই পরাজিত। ক্রিকেটের নবিশ দল মালদ্বীপকে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিজ্ঞ বাংলাদেশের অনূর্ধ্ব-২১ দল ৮ উইকেটে পরাজিত করলেও জয়ের জন্য মাত্র ২৭ রান তাড়া করতে নেমে বাংলাদেশের যুবারা যে হারিয়ে বসেছে দুই উইকেট!প্রথমে ব্যাট করে মালদ্বীপ বাংলাদেশের বোলিং তোপে ২৭ রানে অলআউট হয়ে যায়। বাংলাদেশের পক্ষে সুভাষ রায় ছয় রানে চার উইকেট নেন। মালদ্বীপের শৌখিন ব্যাটসম্যানদের জন্য বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটের অভিজ্ঞতাসম্পন্ন বোলারদের বল ‘একটু বাড়াবাড়ি’ হয়ে যাওয়ায় তাঁদের কোনো ব্যাটসম্যানের পক্ষেই দুই অঙ্কের রান করা সম্ভব হয়নি। জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে দুই দশমিক এক ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান সংগ্রহ করে ফেলে। তবে এই ‘দুধভাত’ রান সংগ্রহ করতে বাংলাদেশের দুইজন ব্যাটসম্যানের প্যাভিলিয়নে ফেরা এ দেশের ক্রিকেটোরদের ‘প্রয়োগের অভাব’ ও ‘অপেশাদার মানসিকতা’কেই আবার সামনে নিয়ে আসে। মালদ্বীপের মতো একটি অখ্যাত ক্রিকেট দলের বিপক্ষে মাত্র ২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দলের দুইজন ব্যাটসম্যানকে যেভাবে আউট হতে দেখা গেল, তার সঙ্গে বাংলাদেশের গোটা ক্রিকেট চিত্রের আশ্চর্য মিল!