‘বাংলাদেশ অবশ্যই ভালো খেলবে। নিজের দেশের মাটিতে যদি সোনা জিততে না পারে, তাহলে তো কষ্ট হবেই।’ বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে থেকে কথাগুলো বলছিলেন এক বাংলাদেশি তরুণী। তাঁর মুখে আঁকা ছিল বাংলাদেশের লাল-সবুজ পতাকা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে দেশের খেলোয়াড়দের উজ্জীবিত করার জন্যই লম্বা লাইনে দাঁড়িয়েছেন তাঁরা। স্টেডিয়ামকে ঘিরে হাজার হাজার মানুষ। জমে উঠেছিল দক্ষিণ এশিয়ার সবর্বৃহত্ খেলার আসরের উদ্বোধনী অনুষ্ঠান। —‘বাংলাদেশ এবার কমপক্ষে ১৫টা সোনা পাবে’। —আরে না না বাংলাদেশ ২০টা সোনা তো পাবেই। লাইনে দাঁড়ানো দর্শকদের মধ্য থেকে ভেসে এল লাইন দুটো। সোনা, রূপা আর ব্রোঞ্জের পদকের এই লড়াইয়ে বাংলাদেশের খেলোয়াড়েরা কতটুকু প্রত্যাশা পূরণ করতে পারবেন, তা দেখার জন্য এখনো সপ্তাহখানেক অপেক্ষা করতে হবে। কিন্তু অপেক্ষার মতো যন্ত্রণাময় জিনিসের সঙ্গে আমরা বোধ হয় এতটা অভ্যস্ত নই। তাই বুঝি বাংলাদেশের ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তারা এরই মধ্যে তাঁদের প্রত্যাশার কথা জানিয়ে দিয়েছেন। তাঁরা আশা করছেন, এবার বাংলাদেশের ঝুলিতে আসবে ১৭টি সোনা। এস এ গেমসে বাংলাদেশের ইতিহাস ঘাঁটলে দেখা যায়, দেশের মাটিতে বরাবরই ভালো খেলেছে বাংলাদেশ। সর্বশেষ ১৯৯৩ সালে যেবার বাংলাদেশে খেলা হয়েছিল, সেবারও বাংলাদেশ দল ১১টি সোনাসহ মোট ৬২টি পদক জিতেছিল। মাঘের মাঝামাঝিতে নগরের শীত এমনিতেই পালানোর চেষ্টা করছে। তাই বলে এর মধ্যেই দোয়েলের আনাগোনা! এই দোয়েলগুলো যদিও শিস দিয়ে লাফিয়ে বেড়াচ্ছে না। তারপরও হাতে ভলিবল, র্যাকেট, বক্সিং গ্লাভস নিয়ে দাঁড়িয়ে। আসলে নগরের মোড়ে যে দোয়েলগুলো দেখা যাচ্ছে, এগুলো কোনো রক্ত-মাংসের দোয়েল পাখি নয়। এস এ গেমসের ১১তম আসরের মাসকট আমাদের জাতীয় পাখি দোয়েল। উত্সবটিকে জমজমাট করতে নগরের বেশ কয়েকটি মোড়কে সাজানো হয়েছে। লাল, হলুদ, বেগুনি বাহারি রঙের ফুল আর কৃত্রিম বিভিন্ন বস্তু দিয়ে সৌন্দর্যবর্ধনের কাজ শেষ হয়েছে। নগরের পান্থপথ মোড়ে একটি সিমেন্টের বাঘ বসানোর পর সেখানে আবার বিপুল উত্সাহে শুরু হয়েছে ছবি তোলার কাজ। কেতাদুরস্ত শার্ট, প্যান্ট পরে মুঠোফোনের ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় এক লোকের কাছে জানতে চেয়েছিলাম, এখানে কেন সাজিয়েছে জানেন? জবাবে তিনি যা বললেন তা হলো—‘এইখানে বোধহয় বড় কোনো অনুষ্ঠান হবে, তাই সাজাইছে।’এস এ গেমসের ধুন্ধুমার আসর চলছে কোনো বিরতি ছাড়াই। তাই কোনোভাবেই কাজ কমছে না, খেলাটি পরিচালনার দায়িত্বে আছেন যাঁরা তাঁদের। হোটেল পূর্বাণীতে রয়েছেন বাংলাদেশ অ্যাথলেট দলের সদস্যরা। সেখানকার দায়িত্বে থাকা লিয়াজোঁ কর্মকর্তা আদনান জানলেন, ‘দেশের মাটিতে এত বড় আয়োজন আমাদের জন্য আনন্দের হবে না হতাশার হবে, তা নির্ভর করবে খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপর।’ তবে খেলোয়াড়দের তাঁদের নিজেদের মতো করে খেলতে দেয়া উচিত। বাড়তি প্রত্যাশা অনেক সময় খেলোয়াড়দের কাছে চাপ মনে হতে পারে বলে জানালেন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের খণ্ডকালীন ‘মিডিয়া অফিসার’ শামীম তানভীর।খেলার শুরুর দিন থেকে এখন পর্যন্ত নগরে জমেছে তর্ক-বিতর্ক আর কথার ফুলঝুরি। এত বড় আসরের আয়োজক নগর হিসেবে ঢাকার শ্রী কতটুকু বৃদ্ধি হয়েছে, তা নিয়েও সন্দেহ প্রকাশ করলেন অনেকে। এস এ গেমস চলছে নগরে আর সার্ক ফোয়ারার চারধারে যুবলীগের চারটি ডিজিটাল প্রিন্টের ব্যানার। তার অর্থ কী, যুবলীগের নেতাদের ব্যানার বলে দায়িত্বরত কর্তারা সেগুলোকে সরানোর ব্যাপারে মোটেও উত্সাহী নন? অনেকে আবার আশাবাদী এই ভেবে যে এত অল্প সময়ের মধ্যে ঢাকার ভেন্যুগুলোকে খেলার উপযোগী করা সম্ভব হয়েছে বলে। তবে প্রধানমন্ত্রীর উদ্যোগকে অনেকেই বাহ্বা দিচ্ছেন যে তিনি খেলোয়াড়দের উত্সাহের জন্য ইতিমধ্যে বেশ কিছু কাজ সম্পন্ন করছেন। তারপরও খেলায় সাফল্যের জন্য খেলোয়াড়দের নিয়মিত অনুশীলন করানোটা সবার আগে দরকার বলেও মন্তব্য করলেন অনেকে।লাল পাড়ের সবুজ শাড়ি পরে যেসব নারী ক্রীড়াবিদ উদ্বোধনী দিনে স্টেডিয়ামে প্রবেশ করেছিলেন, এখন তাঁরা পুরোদস্তুর পারফরমার। তাঁদের এখন আর দম ফেলার ফুরসত নেই। খেলোয়াড়দের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেল, দেশের মাটিতে খেলা হচ্ছে। তাঁরা তাঁদের সর্বোচ্চটুকু দিয়ে খেলার চেষ্টা করছেন। তারপরও ১৫ কোটি মানুষ চেয়ে আছে তাঁদের দিকে। তাঁদের ওপরই নির্ভর করছে আমাদের হাসি-কান্না।