এসএ গেমস: গলফ থেকে এল বাংলাদেশের ষষ্ঠ সোনা
এসএ গেমসের গলফ ইভেন্টে বাংলাদেশের জয়যাত্রা অব্যাহত রয়েছে। আজ শনিবার ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত ৭২ হোল ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের দুলাল হোসেন দেশের জন্য ষষ্ঠ ও গলফে দ্বিতীয় সোনা জিতেছেন। একই ইভেন্টের বাকি দুটি পদকও জিতেছেন বাংলাদেশের গলফাররা। এবারের এসএ গেমসে স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশ নিজেদের কর্তৃত্বে গলফকে অন্তর্ভুক্ত করেছিল। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন গলফের দুটি সোনার দুটিই জেতার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। বিওএর দাবিকে বাস্তবে রূপ দিয়েছেন বাংলাদেশের গলফাররা। গত বৃহস্পতিবার দলগত ইভেন্টে সোনা জেতার পর আজকের ব্যক্তিগত ইভেন্টেও এল বাংলাদেশের সোনা। আজকের ইভেন্টে —১১ (মাইনাস এগারো) পয়েন্ট স্কোর করে সোনা জেতেন দুলাল। রুপা বিজয়ী জামালউদ্দিন স্কোর করেছেন —৮ (মাইনাস আট)। —৫ (মাইনাস পাঁচ) পয়েন্ট স্কোর করে ব্রোঞ্জ পেয়েছেন জাকির-উজ-জামান।