এসএ গেমসে সফল খেলোয়াড়দের জন্য প্রধানমন্ত্রীর পুরস্কার ঘোষণা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন যে আসন্ন সাউথ এশিয়ান গেমস বা এসএ গেমসে অংশ নেওয়া বাংলাদেশি ক্রীড়াবিদ ও খেলোয়াড়দের সাফল্যে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। তিনি এই গেমসের প্রতিটি ইভেন্টে অংশ নেওয়া দেশের প্রতিনিধিদের খেলোয়াড়সুলভ আচরণ করে প্রত্যাশিত সাফল্য অর্জনের আহ্বান জানিয়েছেন।প্রধানমন্ত্রী এসএ গেমসে সফল বাংলাদেশি খেলোয়াড় ও দলগুলোর জন্য বিশেষ পুরস্কারও ঘোষণা করেন। আজ মঙ্গলবার গণভবনে ক্রীড়াবিদ, খেলোয়াড় ও কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উত্সাহ দিতে গিয়ে প্রধানমন্ত্রী এই পুরস্কারের কথা ঘোষণা করেন।তাঁর ঘোষণা অনুযায়ী এসএ গেমসে ফুটবল, হকি ও ক্রিকেটে স্বর্ণ, রৌপ্য কিংবা ব্রোঞ্জজয়ী দেশের দলগুলো যথাক্রমে ১৫, ১০ ও ৩ লাখ টাকা পাবে। আর কাবাডি, ভলিবল, বাস্কেটবল কিংবা হ্যান্ডবলে বিজয়ীরা পাবে যথাক্রমে ১০, ৪ ও দেড় লাখ টাকা।এ ছাড়া তিনি খেলোয়াড়দের ব্যক্তিগতভাবে অর্জিত স্বর্ণের জন্য পাঁচ লাখ, রৌপ্যে দুই লাখ ও ব্রোঞ্জের জন্য ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন।২৯ জানুয়ারি ১১তম এসএ গেমস শুরু হবে। ১৭০ কোটি টাকা ব্যয়ে আয়োজিত এই গেমসে বাংলাদেশের লক্ষ্য হচ্ছে ২০টি স্বর্ণপদক। এ উপলক্ষে প্রধানমন্ত্রী গণমাধ্যমকে খেলোয়াড়দের পাশে থাকার আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, ‘শচীন টেন্ডুলকারও তো এক বলে আউট হয়ে যান। অনেকবারই হয়েছেন। তাই যতক্ষণ গেমস চলবে, আপনারা এমনভাবে নিউজ দেবেন না, যাতে আমাদের ছেলেদের মনটা ভেঙে যায়।’পরে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এসএ গেমসের মাসকট উদ্বোধন করেন। আগামী শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এসএ গেমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাসস।