এসএ গেমসের সোনার মেয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চৈত্র মাসের উদাস বাতাস হাতছানি দিয়ে ডাকে। শ্রেণীকক্ষ ভালো লাগে না তাঁর। ভালো লাগে না ঘরের চার দেয়ালও। কোন বাতাস এসে কানে কানে শেকলভাঙার গান শুনিয়ে যায়! মেয়েটির মন চলে যায় দূরের মাঠে, যেখানে ছেলেমেয়েরা খেলে বেড়ায় অলস বিকেলের সোনালি রোদে। মেয়েটিও মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেন—খেলাধুলাই করতে হবে, বড় হতে হবে এটা দিয়েই। স্কুল ফাঁকি দিয়ে, মায়ের কড়া শাসনের বেড়াজাল ভেঙে মেয়েটি তাঁর গন্তব্যের দিকে ছোটেন। ছোটবেলার সেই ছুট দেওয়া মেয়েটি বাংলাদেশের সোনার মেয়ে শাম্মী আক্তার। হ্যাঁ, একাদশ দক্ষিণ এশীয় গেমসে বাংলাদেশকে তায়কোয়ান্দোতে সোনা এনে দেওয়া মাগুরার মেয়ে শাম্মী আক্তারের কথাই বলা হচ্ছে। পড়ন্ত বিকেলের সোনা রোদ দেখলে একদিন যাঁর মন চনমন হতো, সেই শাম্মী এসএ গেমসের এক পড়ন্ত বিকেলের আলোকে বাংলাদেশের মানুষের কাছে সোনালি করে দিয়েছেন। শাম্মীর সাফল্য মুঠোবন্দী করার গল্পটা কত সহজেই না বর্ণনা করা হয়ে গেল। কিন্তু তাঁর ওপরে ওঠার সিঁড়িগুলো এত সহজ ছিল না। বাবা-মা, ভাই-বোনেরা তাঁর খেলাপ্রিয় মনটিকে কখনো বিষিয়ে তোলেননি। কিন্তু মাগুরার অজপাড়াগাঁয়ের মানুষগুলো এত সহজে একটি মেয়ের পাগলামি মানবে কেন! তাই তো শাম্মীর পাড়াময় ঘুরে বেড়ানো কিংবা খেলাধুলা করাকে তাদের কাছে মনে হয়েছে দস্যিপনা। শাম্মীকে ‘দস্যি মেয়ে’ তকমাও দিয়ে দিয়েছিল তারা। মাগুরার অজপাড়ার সেই দস্যি মেয়েটি এখন আর দস্যি নেই। সবার কাছে তিনি এখন সোনার মেয়ে। সোনা জিতে বাড়ি গেছেন শাম্মী। সেখান থেকেই জানিয়েছেন গ্রামবাসীর কাছে, এখন কী অবস্থান তাঁর, ‘আমাকে তো ওরা এখন গ্রামের গর্ব ভাবে। গ্রামে ফিরে যেখানেই যাচ্ছি, সবাই বলে আমাদের সোনার মেয়ে এসেছে। আমার পুরোনো স্কুলে গেছি। সেখানে শিক্ষকেরা আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।’ শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হয়েছেন তায়কোয়ান্দোতে সোনা এনে দেওয়া বাংলাদেশের আরেক মেয়ে পঞ্চগড়ের শারমীন ফারজানা ওরফে রুমি। বাংলাদেশকে সোনালি সাফল্যে ভাসিয়ে গ্রামে গেছেন তিনিও। এসএ গেমসের এক সন্ধ্যায় যখন অন্ধকার নেমে এসেছিল, সন্ধ্যার সেই আঁধারকে দূর করে দিয়েছিল শারমিনের সোনলি অর্জনের আলোর ছটা। সোনালি হাসি ছড়িয়ে পড়েছিল শারমিনের ঠোঁটেও। কিন্তু সোনালি সেই আলো আর হাসির নিচে এক টুকরো আঁধার জমা ছিল শারমিনের মনে। ছোটবেলায় বাবাকে হারিয়েছেন তিনি। বাবাহারা মেয়েটির ছোটবেলা থেকেই ছিল খেলার প্রতি ঝোঁক। মা আর বড় ভাই সেটা খেয়াল করেছিলেন। খেলার প্রতি যখন ঝোঁক, তখন ও খেলোয়াড়ই হোক—মা আর বড় ভাই শারমিনের ইচ্ছায় অনুমোদন দিয়ে দিয়েছিলেন। তাঁদের প্রেরণাতেই এত বড় অর্জন সম্ভব হয়েছে বলে মনে করেন শারমিন। তবে সোনা জয়ের দিন আলো-আঁধারির মাঝে বাবাকে খুব মনে পড়ে গিয়েছিল শারমিনের, ‘সোনা জয়ের পর আমার কাছে মনে হয়েছে বাবা এসে যেন আমার মাথায় হাত বুলিয়ে গেলেন। বলে গেলেন, তুমি দেশের মুখ উজ্জ্বল করেছ। মা, তোমাকে আশীর্বাদ।’ এবারের এসএ গেমসে বাংলাদেশের সাফল্যের পাল্লা বেশ ভারী। মোট ১৮টি সোনা জিতেছে বাংলাদেশ। এর মধ্যে আটটি জিতেছে মেয়েরা। রুপা কিংবা ব্রোঞ্জ পদক জয়ের ক্ষেত্রেও ছেলেদের চেয়ে খুব একটা পিছিয়ে ছিল না বাংলাদেশের মেয়েরা। অথচ আমাদের কর্মকর্তারা মেয়েদের নিয়ে এতটা আশা করেননি।শ্যুটিংয়ে আসিফ দলগত ইভেন্টে সোনা জিতলেও ব্যক্তিগত ইভেন্টে হতাশ করেছেন। তবে শারমিন আক্তার রত্না সাদিয়া সুলতানা আর তৃপ্তি দত্তকে নিয়ে দলগত সোনা এনে দেওয়ার পর ব্যক্তিগত ইভেন্টেও জিতেছেন সোনা। কারাতে থেকে চারটি সোনার পদক জিতেছে বাংলাদেশ। এর মধ্যে ছেলেরা জিতেছে মাত্র একটি। বাকি তিনটিই মেয়েদের অর্জন। কাবাডি ফেডারেশন সোনার স্বপ্ন দেখেনি। তবে আবদুল জলিলের অধীনে ছেলেরা রুপা পাবে ধরে নিয়েছিল তারা। ছেলেরা পারেনি। তবে পেরেছে বাংলাদেশের মহিলা কাবাডি দল। শ্রীলঙ্কা, নেপালকে পেছনে ফেলে রুপা জিতেছে তারা। বান্দরবানের লামা থেকে ঢাকায় এসে পাহাড়ি ঝরনাধারার মতো যে মেয়েটি সোনালি হাসি ছড়াল সে জ উ প্রু। কারাতের দলগত বিজয় ছাড়াও সোনা জিতেছেন মেয়েদের ব্যক্তিগত কাতা ইভেন্টে। অভাবের কারণে আশ্রমে বেড়ে ওঠা এ মেয়েটি আজ দেশের গর্ব। জ উ প্রু হোন আমাদের মেয়েদের প্রেরণা। তায়কোয়ান্দোতে সোনাজয়ী শারমিন তো সোচ্চারে ঘোষণা করলেন, ‘আমি বিশ্বাস করি আমার এই জয় আমাদের দেশের মেয়েদের খেলায় আসতে অনুপ্রাণিত করবে। বাবা-মাও তাঁদের মেয়েদের এখন খেলায় দিতে আর অনাগ্রহ দেখাবেন না।’ শাম্মীর বিশ্বাস, ‘আমার মা আর ভাইয়েরা কখনোই খেলাধুলায় বাধা দেননি। আমার মনে হয়, পরিবার থেকে পর্যাপ্ত সুযোগ-সুবিধা পেলে অন্য মেয়েরাও আমার মতো দেশকে সাফল্য এনে দিতে পারবে।’শ্যুটিংয়ের মান রক্ষা করা শারমিনও কিন্তু শাম্মীর কথায় কণ্ঠ মিলিয়েছেন। ‘দেখুন, আমাদের দেশের মেয়েদের প্রতিভার অভাব নেই। অভাব শুধু প্রতিভার পরিচর্যা আর সুযোগ-সুবিধার। সেটা পেলে সবাই ভালো করতে পারবে। আমার মনে হয় এবার মেয়েরা যে সাফল্য এনে দিয়েছে, তাতে ভবিষ্যতে আমাদের মা-বাবারা তাঁদের মেয়েদের খেলায় দিতে আগ্রহী হবে’—বলেছেন তিনি।মহিলা কাবাডি দলের অধিনায়ক শাহনাজ পারভীন অবশ্য রাখঢাক না রেখেই করেছেন নিজেদের অবহেলিত থাকার সমালোচনা, ‘দেখুন আমরা অনেক ভালো করেছি। আমাদের এখানে মেয়েদের খেলাধুলা করা নিয়ে অনেক কথা হয়। মেয়েদের ঘরের বাইরে বের হওয়াটাকে দেখা হয় খারাপ চোখে। এগুলো বন্ধ করলে আমরা অনেক বেশি এগোতে পারব।’