বাংলাদেশে পদ্মা সেতুর নির্মাণকাজ সংশ্লিষ্ট বিষয়ে ঘুষ দেওয়ার অভিযোগে কানাডার নির্মাণ প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের দুই সাবেক কর্মকর্তার বিরুদ্ধে আগামী বছর প্রাথমিক শুনানির সময় ধার্য করা হয়েছে। গতকাল সোমবার কানাডার টরেন্টোর একটি আদালত এই সময় ধার্য করেন। আদালতের একজন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্সে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।কানাডার পুলিশ গত বছরের ফেব্রুয়ারিতে বিশ্বের অন্যতম বৃহত্ নির্মাণ প্রতিষ্ঠান এসএনসি-লাভালিন কার্যালয়ে অভিযান চালিয়ে রমেশ শাহ (৬১) ও মোহাম্মদ ইসমাইল (৪৮) নামে দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করে।এই দুই কর্মকর্তাকে কানাডার ‘করাপশন অব ফরেন পাবলিক অফিসিয়াল’ আইনের আওতায় গ্রেপ্তার করা হয়। ওই আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো বিদেশি কর্মকর্তাকে লাভের বা সুবিধা নেওয়ার আশায় অর্থ দেন বা দেওয়ার প্রস্তাব দেন বা অর্থ দিতে সম্মতি পোষণ করেন, তবে তাঁকে গ্রেপ্তার করা যাবে।এ ব্যাপারে এসএনসি-লাভালিন ও কানাডার পুলিশের (রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ) বক্তব্য পাওয়া যায়নি।পদ্মা সেতু প্রকল্পের দরপত্র প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ বিষয়ে কানাডার কর্তৃপক্ষ গত বছর তদন্ত শুরু করে। বিশ্বব্যাংক এই দুর্নীতির বিষয়টি কানাডার নজরে আনে। বাংলাদেশের অনুন্নত দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকা ও প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের সঙ্গে সড়কপথে যোগাযোগ বাড়াতে ছয় কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে বাংলাদেশকে ১২০ কোটি ডলার ঋণ দিতে সম্মত হয়েছিল বিশ্বব্যাংক।