বাংলাদেশের পদ্মা সেতু ও কম্বোডিয়ার একটি প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের প্রমাণ পাওয়ায় কানাডার প্রকৌশল প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছে বিশ্বব্যাংক।এসএনসি-লাভালিনের শতাধিক সহযোগী প্রতিষ্ঠানকেও এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করা হয়েছে। গতকাল বুধবার বিশ্বব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।বিবৃতিতে বলা হয়, পদ্মা সেতু প্রকল্পে বাংলাদেশের কর্মকর্তাদের ঘুষ দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগের পরিপ্রেক্ষিতে সমঝোতার ভিত্তিতে এসএনসি-লাভালিনের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পদ্মা সেতুর বিষয়ে বিশ্বব্যাংকের তদন্ত চলাকালে কম্বোডিয়ার পল্লী বিদ্যুত্ প্রকল্পে এসএনসি-লাভালিনের দুর্নীতির অভিযোগ পায় বিশ্বব্যাংক। সমঝোতা অনুযায়ী, বিশ্বব্যাংকের দেওয়া সব শর্ত পূরণ করলে এই নিষেধাজ্ঞা কমিয়ে আট বছর করা হতে পারে।দুর্নীতির অভিযোগে পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন বাতিল করে বিশ্বব্যাংক। সেতুর নির্মাণকাজ-সংশ্লিষ্ট বিষয়ে ঘুষ দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে এসএনসি-লাভালিনের দুই সাবেক কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল ও রমেশ শাহর বিরুদ্ধে কানাডায় বিচার চলছে।