কানাডীয় কর্তৃপক্ষ এসএনসি-লাভালিন গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানের কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে। পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ১২০ কোটি মার্কিন ডলার অর্থায়ন নিয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ওই দুর্নীতির অভিযোগ উঠেছে।বিশ্বব্যাংকের একজন মুখপাত্র গত শুক্রবার বলেন, তাঁরা জেনেছেন, তদন্তের অংশ হিসেবে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ কয়েকটি স্থানে অভিযান চালিয়েছে। কানাডীয় কর্তৃপক্ষকে সহযোগিতার কথা স্বীকার করলেও বিস্তারিত কিছু জানায়নি এসএনসি-লাভালিন।বিশ্বব্যাংকের মুখপাত্র বলেন, পদ্মা সেতু প্রকল্পের দরপত্র-প্রক্রিয়ায় দুর্নীতি হচ্ছে বলে বিশ্বব্যাংকের কাছ থেকে তথ্য পাওয়ার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে কানাডীয় কর্তৃপক্ষ। বিশ্বব্যাংকও এ বিষয়ে তদন্ত করছে।মুখপাত্র আরও বলেন, বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পের জন্য গত এপ্রিলে ১২০ কোটি ডলারের ঋণসহায়তা অনুমোদন করে। তবে চলমান তদন্তের কারণে অর্থ ছাড় করছে না বিশ্বব্যাংক।এসএনসি-লাভালিনের মুখপাত্র লেসলি কুইন্টন বলেন, তাঁদের প্রতিষ্ঠান কানাডীয় কর্তৃপক্ষকে একটি সুনির্দিষ্ট ঘটনা তদন্তে সহযোগিতা করছে। তাঁরা তাদের সহযোগিতা করছেন। এ রকম একটি তদন্ত হওয়ার কারণ তাঁদের জানা নেই। এখনো তদন্ত চলছে বলে তাঁরা এ ব্যাপারে মন্তব্য করতে পারছেন না।রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের মুখপাত্র জুলি মোরেল নিশ্চিত করেন, এসএনসি-লাভালিয়ানের কর্মীদের বিরুদ্ধে তদন্তের অংশ হিসেবে পুলিশ গত বৃহস্পতিবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। তবে কোথায় অভিযান চালানো হয়েছে, সে ব্যাপারে তিনি কিছু বলতে অস্বীকৃতি জানাননি।পদ্মা সেতুর জন্য ৪০ বছর মেয়াদে ১২০ কোটি ডলার ঋণ দেওয়ার ব্যাপারে গত এপ্রিলে বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের চুক্তি হয়। বিশ্বব্যাংকের নেতৃত্বে আন্তর্জাতিক দাতাগোষ্ঠী ছয় কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণে বাংলাদেশকে ২৯০ কোটি ডলার ঋণ দিতে গত বছর সম্মত হয়। এর মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৬১ কোটি ৫০ লাখ ডলার, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ৪০ কোটি ডলার এবং ইসলামিক উন্নয়ন ব্যাংক (আইডিবি) ১৪ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ২০১৪ সালের মধ্যে এ সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার কথা।গতকাল শনিবার রাতে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে এ বিষয়ে সংস্থার এদেশীয় পরিচালক এলেন গোল্ডস্টেইনের একটি বিবৃতি পাঠানো হয়। এতে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্বব্যাংক পদ্মা বহুমুখী সেতু প্রকল্প অনুমোদন দেয়। প্রকল্পে অর্থায়ন অনুমোদন করলেও ওয়াশিংটনে ইন্টেগ্রিটি ভাইস প্রেসিডেন্সির চলমান তদন্তের কারণে অর্থ ছাড় দেওয়া হচ্ছে না। ইন্টেগ্রিটি ভাইস প্রেসিডেন্সির অনুরোধের পরিপ্রেক্ষিতে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ পদ্মা সেতু প্রকল্পের দরপত্র-প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তদন্ত করছে।বিবৃতিতে বলা হয়, দরপত্র-প্রক্রিয়ায় এসএনসি-লাভালিনের কর্মীরা দুর্নীতির আশ্রয় নিয়ে কানাডার আইন লঙ্ঘন করেছেন কি না, রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ তা তদন্ত করে দেখছে।এসএনসি-লাভালিনের তদন্ত বিষয়ে তাৎক্ষণিক কানাডীয় কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। রয়টার্স।