এসএসএফসহ সেনাবাহিনীর চারটি পদে রদবদল
স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মহাপরিচালক ও প্রধানমন্ত্রীর সামরিক সচিবসহ সেনাবাহিনীর চারটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। আজ সোমবার সেনাসদর থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।সেনাসূত্র জানায়, এসএসএফের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন লজিস্টিক এরিয়া কমান্ডার (লগ এরিয়া কমান্ডার) মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী। এসএসএফের বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনকে প্রধানমন্ত্রীর সামরিক সচিব পদে বদলি করা হয়েছে। সেনা সদর দপ্তরের সামরিক সচিব মেজর জেনারেল রেজানুর রহমান খান লগ এরিয়া কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন। প্রধানমন্ত্রীর সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সালাহ উদ্দিন মিয়াজীকে সেনা সদর দপ্তরে সামরিক সচিব পদে বদলি করা হয়েছে।সশস্ত্র বাহিনী দিবসের কর্মসূচি শেষ হলে এসব কর্মকর্তারা তাঁদের নতুন পদে যোগ দেবেন বলে জানা গেছে।