এসএসএফের আচরণে জনগণের সঙ্গে আমার সম্পর্ক যেন বাধাগ্রস্ত না হয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের সঙ্গে তাঁর সম্পর্কের ক্ষেত্রে কোনোভাবে দূরত্ব সৃষ্টি হয় এবং জনগণ আহত হয়—এমন আচরণ না করার ব্যাপারে সজাগ থাকতে স্পেশাল সিকিউরিটি ফোর্সেস (এসএসএফ) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর বাসসের। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএসএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।শেখ হাসিনা এসএসএফকে উদ্দেশ করে বলেন, ‘জনপ্রতিনিধি হিসেবে আমরা জনগণের কাছে দায়বদ্ধ। কাজেই আপনাদের কোনো আচরণে জনগণের সঙ্গে আমার সম্পর্ক যেন বাধাগ্রস্ত না হয় এবং জনগণ যাতে কষ্ট না পায়—সে দিকে সব সময় সজাগ দৃষ্টি রাখতে হবে।’শেখ হাসিনা বলেন, ভিআইপিদের জন্য কঠোর ও নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা এসএসএফ সদস্যদের দায়িত্ব হলেও, তাদের জনসংযোগের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখতে হবে।প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সন্ত্রাসীদের কোনো ধর্ম ও সীমানা নেই। তাই বিশ্বব্যাপী নিরাপত্তার মাত্রাও বাড়ানো হয়েছে।’ এসএসএফ প্রতিষ্ঠার পর থেকে এই বাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘তাদের আনুগত্য, পেশাদারিত্ব ও দক্ষতা প্রশংসনীয়।’এসএসএফের মহাপরিচালক মেজর জেনারেল চৌধুরী হাসান সরোওয়ার্দী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। মঞ্চে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ও মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ উজ জামান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অ্যাম্বাসেডর এট লার্জ, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রীর সামরিক সচিব ও প্রেস সচিব এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।