এসএসসি ও সমমানের পরীক্ষা আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি ও সমমানের পরীক্ষা আজ মঙ্গলবার শুরু হচ্ছে। মাদ্রাসা, কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১৩ লাখ ১৫ হাজার দুজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এদের মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে নয় লাখ ৯১ হাজার ৮৬০ জন। গতবারের চেয়ে এবার ১০ শিক্ষা বোর্ডে এক লাখের বেশি পরীক্ষার্থী বেড়েছে।গতকাল সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি জানান, পরীক্ষার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখতে বিদ্যুৎ মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (মাধ্যমিক), মাদ্রাসা বোর্ডের দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হচ্ছে। গতবারের চেয়ে এবার ১০টি শিক্ষা বোর্ডে এক লাখ আট হাজার ৯৮৩ জন শিক্ষার্থী বেড়েছে। গতবার পরীক্ষার্থী ছিল ১২ লাখ ছয় হাজার ১৯ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছয় লাখ ৭৮ হাজার ২৯৩ জন ছাত্র ও ছয় লাখ ৩৬ হাজার ৭০৯ জন ছাত্রী। এদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১০ লাখ ৩০ হাজার ৯৩৪ জন, অনিয়মিত দুই লাখ ৮২ হাজার ১৫৩ জন এবং মানোন্নয়ন দিচ্ছে এক হাজার ৯১৫ জন।এতে জানানো হয়, ঢাকা বোর্ডে তিন লাখ ৮৯৮ জন, রাজশাহী বোর্ডে এক লাখ ৩০ হাজার ৬৮৮, কুমিল্লায় এক লাখ ১৬ হাজার ৪০০, যশোরে এক লাখ ৩০ হাজার ৬৩৮, চট্টগ্রামে ৭৬ হাজার ৯৫৯, বরিশালে ৬১ হাজার ৮২৮, সিলেটে ৪৮ হাজার ৫২৭ ও দিনাজপুরে এক লাখ ২৫ হাজার ৯২২ জন পরীক্ষার্থী। দাখিলে দুই লাখ ৩৯ হাজার ৭১১ এবং কারিগরি বোর্ডের এসএসসি ভোকেশনালে পরীক্ষার্থী ৮৩ হাজার ৪৩১ জন।জানা গেছে, ২০০৯-১০ শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে নিবন্ধন করেও ঝরে গেছে চার লাখ ২৫ হাজার ৪৬৯ জন। ওই শিক্ষাবর্ষে নিবন্ধন করেছিল ১৪ লাখ ৫৬ হাজার ৪০৩ জন। শিক্ষামন্ত্রী বলেন, গতবারের তুলনায় এবার ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা কমলেও তা সন্তোষজনক নয়। ঝরে পড়ার কারণ জানতে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) মাধ্যমে কাজ চলছে। সংবাদ সম্মেলনে বলা হয়, সারা দেশে দুই হাজার ১৮১টি কেন্দ্রে ২৬ হাজার ২৯৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এদের মধ্যে আট বোর্ডের অধীনে মাধ্যমিকে এক হাজার ৬২টি কেন্দ্রে ১৫ হাজার ৪৯১টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। আর দাখিল ৫৬৮টি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা ৫৫১টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। বিদেশের সাতটি কেন্দ্রে ২৬১ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।এতে জানানো হয়, গত বছর প্রথমবারের মতো বাংলা প্রথম পত্র ও ধর্মের পরীক্ষা সৃজনশীল প্রশ্নপত্রে অনুষ্ঠিত হয়েছিল। এবার আরও পাঁচটি বিষয়ের পরীক্ষা নতুন এ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। বিষয়গুলো হচ্ছে, সাধারণ বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ভূগোল, রসায়ন ও ব্যবসায় পরিচিতি। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন প্রমুখ।