এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি ও সমমানের পরীক্ষা আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে। মাদ্রাসা, কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১৩ লাখ ১৫ হাজার দুজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এদের মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে নয় লাখ ৯১ হাজার ৮৬০ জন। গতবারের চেয়ে এবার ১০ শিক্ষা বোর্ডে এক লাখের বেশি পরীক্ষার্থী বেড়েছে।পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহ রাখতে বিদ্যুত্ মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। জানা গেছে, আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (মাধ্যমিক), মাদ্রাসা বোর্ডের দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হচ্ছে। গতবারের চেয়ে এবার ১০টি শিক্ষা বোর্ডে এক লাখ আট হাজার ৯৮৩ জন শিক্ষার্থী বেড়েছে। গতবার পরীক্ষার্থী ছিল ১২ লাখ ছয় হাজার ১৯ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছয় লাখ ৭৮ হাজার ২৯৩ জন ছাত্র ও ছয় লাখ ৩৬ হাজার ৭০৯ জন ছাত্রী। এদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১০ লাখ ৩০ হাজার ৯৩৪ জন, অনিয়মিত দুই লাখ ৮২ হাজার ১৫৩ জন এবং মানোন্নয়ন দিচ্ছে এক হাজার ৯১৫ জন।ঢাকা বোর্ডে তিন লাখ ৮৯৮ জন, রাজশাহী বোর্ডে এক লাখ ৩০ হাজার ৬৮৮, কুমিল্লায় এক লাখ ১৬ হাজার ৪০০, যশোরে এক লাখ ৩০ হাজার ৬৩৮, চট্টগ্রামে ৭৬ হাজার ৯৫৯, বরিশালে ৬১ হাজার ৮২৮, সিলেটে ৪৮ হাজার ৫২৭ ও দিনাজপুরে এক লাখ ২৫ হাজার ৯২২ জন পরীক্ষার্থী। দাখিলে দুই লাখ ৩৯ হাজার ৭১১ এবং কারিগরি বোর্ডের এসএসসি ভোকেশনালে পরীক্ষার্থী ৮৩ হাজার ৪৩১ জন।সারা দেশে দুই হাজার ১৮১টি কেন্দ্রে ২৬ হাজার ২৯৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এদের মধ্যে আট বোর্ডের অধীনে মাধ্যমিকে এক হাজার ৬২টি কেন্দ্রে ১৫ হাজার ৪৯১টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। আর দাখিল ৫৬৮টি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা ৫৫১টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। বিদেশের সাতটি কেন্দ্রে ২৬১ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।