এসএসসি চলাকালে কর্মসূচি না দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ রোববার থেকে শুরু হওয়া মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষা চলাকালে রাজনৈতিক দলগুলোকে কর্মসূচি পালনে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি নতুন প্রজন্মের গড়ে ওঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতামূলক কোনো কর্মসূচি না দেওয়ার জন্যও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। খবর বাসসের।আজ রোববার ঢাকার আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এ আহ্বান জানান। মন্ত্রী সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। তিনি পরীক্ষার্থীদের সুস্থতা ও সাফল্য কামনা করেন।দেশের দুই হাজার ৭৫৮টি কেন্দ্রে একযোগে মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এতে অংশ নিচ্ছে ১৩ লাখ তিন হাজার ২০৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ছয় লাখ ৬৮ হাজার ২৬৮ জন ছাত্র এবং ছয় লাখ ৩৪ হাজার ৯৩৫ জন ছাত্রী। এবারের মাধ্যমিক ও সমমানের পরীক্ষার্থীরা ২০১০ সালে প্রথম জেএসসি/জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল।এ বছর ২৭ হাজার ৬৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছে। দেশের বাইরে জেদ্দা, রিয়াদ, ত্রিপলি, দোহা, আবুধাবি, দুবাই ও বাহরাইন কেন্দ্রে মোট ২৯৩ জন পরীক্ষার্থী রয়েছে। বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি ও দ্বিতীয় পত্র, গণিত ও উচ্চতর গণিত ছাড়া এবার সব বিষয়ের পরীক্ষা হবে সৃজনশীল প্রশ্নে। দৃষ্টিপ্রতিবন্ধী, সেরিব্রাল পালসজনিত প্রতিবন্ধী এবং হাত নেই, এমন পরীক্ষার্থীরা শ্রুতি লেখক সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে পারবে। তাদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হবে। ৫ মার্চ তত্ত্বীয় পরীক্ষা শেষে ৬ থেকে ১২ মার্চ পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে।পরিদর্শনকালে স্থানীয় সাংসদ মোস্তফা জালাল মহীউদ্দীন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম গোলাম ফারুক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন, ঢাকা শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল কাসেম, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবদুন নূর প্রমুখ উপস্থিত ছিলেন।