এসএসসি টেস্টের প্রশ্নপত্র ফাঁস তদন্তে মন্ত্রণালয়ের কমিটি গঠন
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এসএসসি টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ তদন্ত করতে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এই তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সদস্যরা হলেন—আহ্বায়ক মন্ত্রণালয়ের উপসচিব (সমন্বয়) এ কে এম জাকির হোসেন ভূঞা, সদস্য—মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের প্রতিনিধি (উপপরিচালক পর্যায়ের) ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (গোপনীয়)।তদন্ত কমিটি সাত কার্যদিবসের মধ্যে এ-সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করবে বলে জানা গেছে। এ ছাড়াও প্রশ্নপত্র বিতরণ ব্যবস্থার ত্রুটি ও প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদেরও চিহ্নিত করবে কমিটি। উল্লেখ্য, ইতিমধ্যে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নেতৃত্বে আরেকটি দল ঢাকায় প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি তদন্ত করছে।