এসএসসি পরীক্ষা ১ ফেব্রুয়ারি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং সমমানের দাখিল পরীক্ষা আগামী ১ ফেব্রুয়ারি শুরু হবে। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে এই পরীক্ষা শুরু নিয়ে দ্বিধাদ্বন্দ্ব চলছিল। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, বিশ্বকাপ ক্রিকেটের ফিকশ্চার বিবেচনায় নিয়ে এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ভেন্যুতে অনুষ্ঠিতব্য খেলাগুলোর দিন ও তার পরদিন কোনো পরীক্ষা রাখা হয়নি। এ ছাড়া ২৩ মার্চ থেকে কোয়ার্টার ফাইনাল শুরুর আগেই পরীক্ষা শেষ হবে। ফলে পরীক্ষার্থী বা তাদের অভিভাবকেরা খেলা দেখার আনন্দ থেকে বঞ্চিত হবেন না।নুরুল ইসলাম নাহিদ আরও বলেন, সরকার শিক্ষাজট কমিয়ে আনার লক্ষ্যে বিনা মূল্যে বই বিতরণ, ১ জানুয়ারি থেকে শিক্ষাবর্ষ শুরু করা, ৬০ দিনের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করছে। একই ধারাবাহিকতায় ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু করে তা নির্ধারিত সময়ে শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, এবারই প্রথম পূর্বনির্ধারিত ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু করা সম্ভব হচ্ছে, এই পরীক্ষা শেষ হবে ১০ মার্চ। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল লিখিত পরীক্ষা ১ ফেব্রুয়ারি শুরু হয়ে ৮ মার্চ পর্যন্ত চলবে।সংবাদ ব্রিফিংয়ে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, অতিরিক্ত সচিব মো. সিরাজুল ইসলাম, যুগ্ম সচিব খন্দকার রাকিবুর রহমান, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।