এসএসসি ২০১০ অদম্য মেধাবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো বাধা-বিপত্তি, দুঃখ-জরা ওদের দমিয়ে রাখতে পারেনি। সবকিছু ডিঙিয়ে এবারের এসএসসি পরীক্ষায় তারা অর্জন করেছে জিপিএ-৫ পাওয়ার গৌরব। ওদের কারও বাবা প্রতিবন্ধী, কেউ দিনমজুরের সন্তান আবার কেউ বা পিতৃহীন। জীবনের কঠিন চলার পথে তাই অনেকটা একাই ওদের হাঁটতে হয়েছে। এ রকমই কয়েকজন জিপিএ-৫ পাওয়া অদম্য মেধাবীকে নিয়ে আমাদের এবারের প্রতিবেদন:গাইবান্ধার শাহরিয়ার: ছেলেটির বাবা মুকুল প্রামাণিক জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী। তাই সংসারের হাল ধরে আছেন মা সাহেরা বেগমই। মা হাঁস-মুরগি পালন করে চার সদস্যের সংসার চালান। তাঁকে কখনো কখনো ঝিয়ের কাজও করতে হয়েছে। ছেলের লেখাপড়ার খরচ তো দূরের কথা, দুবেলা ভাতই জোটানো কঠিন তাঁর পক্ষে। তাই নিচের ক্লাসের ছাত্রছাত্রীদের প্রাইভেট পড়িয়ে পড়াশোনার খরচ চালাতে হয়েছে ছেলেটিকে। পরীক্ষার আগে প্রাইভেট পড়ার জন্য দিনমজুরি করে টাকা জমাত শাহরিয়ার। বন্ধুদের কাছে বই ধার করে লেখাপড়া চালাত ছেলেটি। এর মধ্য দিয়েই গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর আমানউল্যাহ উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে শাহরিয়ার প্রামাণিক। গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের পশ্চিম বারবলদিয়া গ্রামে শাহরিয়ারদের বাড়ি। শাহরিয়ার চার ভাইবোনের মধ্যে তৃতীয়। দুই শতক বসতভিটা ছাড়া তাদের আর কোনো সম্পদ নেই। আমান উল্যাহ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান বলেন, ছেলেটি দরিদ্র কিন্তু অসম্ভব মেধাবী। তাই বিদ্যালয়ে তার বেতন-ভাতা নেওয়া হতো না। শাহরিয়ারের বাবা বলেন, ‘ছইলডার এজাল (রেজাল্ট) শুনি খুশি হচি। হামার তো আর কিছু করব্যার নাই।’ মা সাহেরা বেগম বলেন, ‘শুনচি বড় কেলাশোত নেকাপড়া করাতে নাকি ম্যালা ট্যাকা নাগে। ছইলডার সেই নেকাপড়া ক্যামন করি চালামু চিন্তাত আছি।’শাহরিয়ার জানায়, সে ভবিষ্যতে চিকিৎসক হতে চায়।পাবনার জাহিদুল: ‘উয়ের বাপ বোবা (বাক্প্রতিবন্ধী), পাগল। মানষি কামে নিবের চায় না। আমি এ বাড়ি, ও বাড়ি কাম করে সুংসার চলাই। বেটাডার (ছেলেটার) প্যাট বরে কুনুদিন খাবার দিবের পারি নাই। চায়া-চিন্তে যা পাইছি, তাই খায়া ব্যাটা আমার ইসকুলি গ্যাছে..।’এরপর আর কিছু বলতে পারছিলেন না জবেদা বেগম। কাঁদছিলেন। তাঁর ছেলে মো. জাহিদুর রহমান এ বছর পাবনার বেড়া উপজেলার কাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। জাহিদুলের বাড়ি উপজেলার মাশুমদিয়া ইউনিয়নের পুরান মাশুমদিয়া গ্রামে। মা-বাবা ও এক ভাইকে নিয়ে ওদের সংসার। জিপিএ-৫ কী, তা জাহিদুলের মা বোঝেন না। তবে পাশের বাড়ির এক ছেলে ইঞ্জিনিয়ার হয়ে খুব ভালো আছেন, তাই নিজের ছেলেকে ইঞ্জিনিয়ার বানাতে চান তিনি। জাহিদুলের স্বপ্নও তাই। সে বড় ইঞ্জিনিয়ার হয়ে মায়ের কষ্ট দূর করতে চায়। কাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরহাদ হোসেন বলেন, জাহিদুল খুবই মেধাবী। সহযোগিতা পেলে সে আরও ভালো কিছু করতে পারবে।বদরগঞ্জের সত্যজিৎ: ‘ছইলটা ভালো এজাল (রেজাল্ট) করার পর এ্যালা কওচে আর্মির কলেজোত ছাড়া ভর্তি হবার নয়। মুই কলেজোত ভর্তি করবার এতুগুলা টাকা পাও কোনটে?’ এসব বলতে বলতে চোখ ছলছল করে ওঠে ক্ষিতীশ চন্দ্র রায়ের। পেশায় তিনি খুচরা মুড়ি বিক্রেতা। তাঁর মেজ ছেলে সত্যজিৎ রায় এবার দিনাজপুরের পার্বতীপুর উপজেলার নুরুল হুদা উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞানে জিপিএ-৫ পেয়েছে। ক্ষিতীশ চন্দ্রের সামান্য আয়েই চলে তাঁর পাঁচ সদস্যের সংসার। তাঁর বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর কালীবাড়ি গ্রামে। একটি মাত্র কুঁড়েঘরেই সবার মাথা গোঁজার ঠাঁই। কষ্টের কথা বলতে গিয়ে ক্ষিতীশ চন্দ্র বলেন, ‘একদিন দুপুরবেলা স্কুলোত যায়া দেখো সবায় মাটোত টিপিন খাওচে, খেলাওচে। ছইলটা (সত্যজিৎ রায়) নাই। পরে দ্যাখো স্কুলের একটা ঘরোত অয় (সত্যজিৎ) বসি আছে। কনু (বললাম) বাবা তুই ঘরোত বসি ক্যান? ছইল কওচে সবায় টিপিন খায়, মোর নাই। যাইতে শরম লাগে। তারপর মনের দুঃখে বুকোত জড়ে ধরি ছইলো কান্দো, মুইও (আমি) কান্দো।’ চোখের পানি মুছে তিনি বলেন, ‘মোর ছইল তিনটাই ছাত্র ভালো।’মা বিদেশিনী বালা বলেন, ‘বাড়িতে অল্প করি মুড়ি ভাজি। সেই দিয়া সংসার চালাই। ৪৫ শতক ভূঁই আছিল। তাও বন্ধক দিয়া পড়ার খরোচোত নাগাচি। ছাওয়াগুলার খাবার জোগান দিবার পারি না। তারপরও ওরা পরীক্ষাত ফাচ (ফার্স্ট) হয়। এ্যালা শক্তি নাই আর ওমাক (ছেলেদের) পড়ার।’ সত্যজিতের বিদ্যালয়ের প্রধান শিক্ষক তায়েব সেলিম বলেন, ‘ছেলেটি খুব মেধাবী। কারও সহযোগিতা পেলে ছেলেটি বহু দূর যেতে পারত।’ বাগমারার শরিফুল: দিনমজুরি খেটে আর অন্যের বাড়িতে মায়ের কাজ থেকে আসা উপার্জন দিয়ে লেখাপড়া চালিয়েছে রাজশাহীর বাগমারার শরিফুল ইসলাম। উপজেলার চাইপাড়া গ্রামের এই মেধাবী ছেলেটি কখনো তার বাবাকে দেখেনি। ছেলেটি জানায়, যৌতুক দিতে না পারায় তাকে পেটে নিয়ে তার মাকে নানার বাড়িতে ফিরে আসতে হয়েছে। সেখানেই জন্ম হয়েছে শরিফুলের। দুর্গাপুর উপজেলার সুখানদীঘি গ্রামের আজিম তার বাবা। উপজেলার চেউখালী গ্রামের মাঝামাঝিতে এক কুঁড়েঘরে বসবাস শরিফুল ও তার হতভাগী মায়ের। দেখা গেল, ঘরের চৌকির এক কোণে রয়েছে শরিফুলের বই-খাতা। সেখানে চলে তার লেখাপড়া। গ্রামের চাইপাড়া উচ্চবিদ্যালয়ের ছাত্র সে। শরিফুল জানায়, অন্যের গরু চড়ানো থেকে শুরু করে দিনমজুরি সবই তাকে করতে হয়েছে লেখাপাড়ার খরচ আর সংসার চালাতে। মা সারভান বানুও মানুষের বাসায় কাজ করেন। ছেলেটির মা বলেন, ‘ছাওয়ালটা খুব কষ্ট কইর‌্যা নেকাপড়া করচে। মাইনষের কাজ কইর‌্যা বই-খাতা কিনে। আর আমি মানুষের বাড়িত ঝিয়ের কাজ কইর‌্যা ভাত আইনা দিই। এভাবে আমারির দিনপাত চলে।’ চাইপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন জানান, শরিফুল বিদ্যালয় ছুটির দিনে দিনমজুরি খাটত। বিদ্যালয় থেকে তাকে বিনা পয়সায় বই-পুস্তক দেওয়া হয়। তিনি জানান, তাঁর বিদ্যালয় থেকে শরিফুলই প্রথম ছাত্র যে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা জানান, শরিফুলরা খুব গরিব। আমি তার মাকে ভিজিডির কার্ড করে দিয়েছি। ছেলেটির এই ফলাফলে আমরা গর্বিত। উল্লাপাড়ার নূর মোহাম্মদ: ‘নূর মোহাম্মদের যহন চার বছর বয়াস তহন হ্যার বাপে মইরা যায়। চাইর ছাওয়াল-মাইয়্যা লইয়া আমি চোহে আন্ধার দেহি। বাড়ির পাশের এক তাঁতঘরে সুতা কাটার কাম নিই। এই কামথনে আসা সামান্য আয় দিয়া সংসার চালাইতাম। নূর মোহাম্মদ সাত বছর বয়সে তাঁতের কাম ধরে। সেই থনে তাঁত বুনাইয়া নিজের পড়ার খরচ ও নিজেই জোগাইত। ছাওয়াল ডো আমার খাইয়া না খাইয়াই নেহাপড়া করছে। ভালো ফল হওনে এহন হুগ্গুলি (সবাই) ভালা কইতাছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলেন হামিদা খাতুন। তাঁর ছেলে নূর মোহাম্মদ এবার উল্লাপাড়ার হাজি আমিনুল ইসলাম উচ্চবিদ্যালয় থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে।উপজেলার নতুন দাদপুর গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদ জানায়, মা চোখে ভালো দেখে না। ফলে সুতার কাজও আর তেমন একটা পায় না। তাই তাঁতশ্রমিক হিসেবে কাজ করে যে সমান্য আয় হয়, তাই দিয়েই সংসার ও নিজের লেখাপড়ার খরচ চলে তার। নিজেদের কোনো জমি নেই। গ্রামেই নানার বাড়িতে একটা ছাপরা তুলে মা-বোন নিয়ে কোনোমতে থাকে ওরা। বাড়িতে বিদ্যুৎ নেই। তাই পাশের বাবলাপাড়া বাজারের এক দর্জির দোকানের বাইরের আলোয় চট পেতে রাতে লেখাপড়া করত সে। ধুনটের ইউসুফ আলী: ছেলেটির বাবা আবু তালেব ২০০৬ সালে মারা গেছেন। মা জিন্নাতারা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেন। আর ইউসুফ আলী লেখাপড়ার পাশাপাশি অন্যের বাড়িতে দিনমজুরি করে। এর মধ্য দিয়েই সে হরিনাথপুর এএম বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। কাজিপুর উপজেলার পরানপুর গ্রামের দিনমজুর ছিলেন ইউসুফ আলীর বাবা আবু তালেব। ইউসুফ জানায়, তার বাবা ২০০৬ সালে অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা গেছেন। সে বলে, ‘তখন আমি অষ্টম শ্রেণীতে পড়ি। বাবা মারা যাওয়ার পর অনেক দিন আমাদের না খেয়ে থাকতে হয়েছে। পেটের দায়ে মা গ্রামে বাড়ি বাড়ি কাজ করেছেন। ছোটবেলায় স্কুলে যাওয়ার জন্য বাবা আমাকে একটি সাইকেল কিনে দিয়েছিলেন। বাবার অসুখের সময় ওটা বেচে তাঁর চিকিৎসা করাতে চেয়েছিলাম। কিন্তু বাবা দেননি। এরপর শত অভাবেও আর সাইকেলটি বিক্রি করিনি। আমার এখন একটাই স্বপ্ন, ডাক্তার হওয়া। মানুষের পাশে দাঁড়ানো; যাতে আমার বাবার মতো কাউ বিনা চিকিৎসায় না মারা যায়।’ মা জিন্নাতয়ারা জানান, ‘আমি পোলারে কখনো পেট ভরে ভাত দিতে পারি নাই। মানুষের দেওয়া কাপড় পিন্দা ও পরীক্ষা দিছে। পরীক্ষায় ফাস করার পরও টাকার অভাবে কেইরে এক টুকরা মিষ্টি দিতে পারি নাই। আমি সবার কাছে দোয়া চাইছি, আমার ছেলে যেন আন্দার ঘরে চান্দের আলো হইয়া থাকতে পারে।ইউসুফের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, ছেলেটি ছোটবেলা থেকেই খুব মেধাবী। আমার এখানে অষ্টম শ্রেণীতে পড়ার সময় তার বাবা মারা যায়। বহু কষ্টে ছেলেটি আজকের এ ফলাফল করেছে।