এসএসসির নম্বরপত্রে ‘বিভাগ’ উল্লেখ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরে চট্টগ্রাম বোর্ডের অধীন মাধ্যমিক পরীক্ষার (এসএসসি) নম্বরপত্রে কোথাও ‘বিভাগ’ উল্লেখ নেই। এতে শিক্ষার্থী কোন গ্রেড অথবা কোন গ্রেড পয়েন্টে পাস করেছে, তা জানা গেলেও সে কোন বিভাগ (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা) থেকে পাস করেছে, তা একনজরে জানা সম্ভব নয়। শিক্ষার্থীরা আশঙ্কা করছে, এই নম্বরপত্র নিয়ে দেশে অথবা দেশের বাইরের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সময় সমস্যায় পড়তে হতে পারে। বোর্ড কর্তৃপক্ষ দাবি করছে, নম্বরপত্রে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষার আলাদা ক্রমিক নম্বর ও বিষয় উল্লেখ থাকায় ‘বিভাগ’ নিয়ে কাউকে সমস্যায় পড়তে হবে না। এটা সংশ্লিষ্ট ব্যক্তিরা বুঝতে পারবেন। ইতিমধ্যে চট্টগ্রাম বোর্ড থেকে পাস করা বেশির ভাগ শিক্ষার্থীর হাতে নম্বরপত্র পৌঁছে গেছে। ১০ থেকে ১২ জুন পর্যন্ত চট্টগ্রাম বোর্ড কার্যালয় থেকে এসব নম্বরপত্র বিভিন্ন বিদ্যালয়ের প্রধানদের হাতে তুলে দেওয়া হয়। ছাত্রছাত্রীরা তা নিজ নিজ বিদ্যালয় থেকে সংগ্রহ করে।নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত দাশ বলেন, ‘নম্বরপত্রে বিভাগ উল্লেখ না থাকার বিষয়টি নজরে আসেনি। তবে এ ধরনের ভুলের কারণে ভবিষ্যতে নানা সমস্যায় পড়তে হতে পারে শিক্ষার্থীকে।’ আবার অভিভাবকদের কেউ কেউ মনে করেন, শুধু রোল নম্বর অথবা বিষয় দিয়ে ‘বিভাগ’ শনাক্ত করার কোনো যৌক্তিকতা নেই। তা ছাড়া মূল সনদ সংশোধন হলে এর সঙ্গে নম্বরপত্রের ভিন্নতার কারণে সমস্যা তৈরি হতে পারে। সাঈদুল হক নামে এক অভিভাবক বলেন, ‘আমরা বোর্ডের কাছে একটি পরিপূর্ণ নম্বরপত্রই আশা করি। পরবর্তীকালে কোনো সমস্যা দেখা দিলে তার সমাধান খুঁজতে আবার দৌড়াদৌড়ি করার মতো ঝামেলা পোহাতে চাই না।’ চট্টগ্রামের খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসমত জাহান বলেন, ‘আমরা বোর্ড থেকে নম্বরপত্র সংগ্রহ করে মেয়েদের হাতে দিয়ে দিয়েছি। কিন্তু এ ব্যাপারে এখনো কেউ কিছু জানায়নি।’ এ বছরের নম্বরপত্রে শিক্ষার্থীর নাম, বাবার নাম, মাতার নাম, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, কেন্দ্রের নাম, রোল নম্বর, জন্ম তারিখ, রেজিস্ট্রেশন নম্বর ইত্যাদি বিষয় উল্লেখ থাকলেও কোথাও ‘বিভাগ’ কথাটির উল্লেখ নেই। গত বছরের নম্বরপত্র যাচাই করে দেখা গেছে, তাতে রোল নম্বরের পরে ‘বিভাগ’ (গ্রুপ) উল্লেখ রয়েছে। জানা যায়, ভর্তি পরীক্ষার সময়ে কলেজগুলোতে নম্বরপত্র জমা দিতে হয়। আগামী ১৭ জুন ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের কথা রয়েছে। এ ব্যাপারে চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এটাকে ভুলও বলা যাবে না, শুদ্ধও বলা যাবে না। ‘বিভাগ’ উল্লেখ না থাকলেও রোল নম্বর দেখেই বোঝা যাবে এটা কোন বিভাগের। কারণ বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষার জন্য আলাদা রোল নম্বর ব্যবহার করা হয়। আমরা এসএসসির মূল সনদে বিভাগ উল্লেখ করে দেব। ফলে শিক্ষার্থীদের ভবিষ্যতে আর কোনো সমস্যায় পড়তে হবে না।’