জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী মুক্তিযোদ্ধা মাহবুবউদ্দিন আহমদ বীর বিক্রমকে (এসপি মাহবুব) জেরা অব্যাহত রয়েছে। গতকাল রোববার আসামিপক্ষের জেরায় তিনি বলেন, একাত্তরের ২৪ এপ্রিল যশোরের কাগজপুরে তিনি প্রথম প্রতিরোধ যুদ্ধে অংশ নেন।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মাহবুবউদ্দিনকে গতকালও জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। এসপি মাহবুব গত ১৫ জুলাই জবানবন্দি দেন। একাত্তরে মেহেরপুরে মুজিবনগর সরকারকে তাঁর নেতৃত্বে গার্ড অব অনার দেওয়া হয়েছিল।সাক্ষী কবে অবসর নেন—মিজানুল ইসলামের এ প্রশ্নের জবাবে মাহবুবউদ্দিন বলেন, তিনি অবসর নেননি। পরের কয়েকটি প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্ভবত ১৯৮৮ সালে এরশাদ সরকারের আমলে তাঁর চাকরি ডিসমিস করা হয়। সে সময় তিনি তৎকালীন সংস্থাপন (বর্তমানে জনপ্রশাসন) মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন। এর আগে তিনি ঢাকার পুলিশ সুপার (এসপি) ছিলেন। আইনজীবীর আরেক প্রশ্নের জবাবে রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, বর্তমানে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে মোটামুটি জড়িত। জাতীয় সংসদ নির্বাচনে তিনি বরিশাল সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ঝিনাইদহের এসডিপিও (সাব-ডিভিশনাল পুলিশ অফিসার) পদে কবে যোগদান করেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্ভবত ১৯৭০ সালের সেপ্টেম্বরে।মিজানুল জানতে চান, সাক্ষী কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন? জবাবে সাক্ষী বলেন, তিনি ৮ নম্বর সেক্টরে আলফা কোম্পানির দায়িত্বে ছিলেন। একাত্তরের মে মাসে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়। ১৯৯২ সালে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির গঠিত গণ-আদালতে কোনো অভিযোগ বা সাক্ষ্য দিয়েছিলেন কি না—এ প্রশ্নের জবাবে মাহবুবউদ্দিন না-সূচক জবাব দেন।মাহবুবউদ্দিনের জেরা অসমাপ্ত অবস্থায় ৩১ জুলাই (মঙ্গলবার) পর্যন্ত এ মামলার কার্যক্রম মুলতবি করা হয়।সাঈদীর বিরুদ্ধে মামলায় তদন্তকারী কর্মকর্তাকে জেরা: একই ট্রাইব্যুনালে গতকাল জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হেলালউদ্দিনকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। আজও তাঁকে জেরা করা হবে।