এসপি মিজানুরের ‘বরখাস্ত আদেশ’ বাতিল
অবৈধভাবে জমি দখলের অভিযোগে বরখাস্ত হওয়া বাগেরহাটের সাবেক পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমানের ‘বরখাস্ত আদেশ’ বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাঁর বরখাস্তকালকে ‘কর্তব্যকাল’ হিসেবে গণ্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।১৮ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ১৯৮৫-এর ১১ নম্বর বিধি মোতাবেক গত ১১ মার্চের এক প্রজ্ঞাপনে মিজানুর রহমানকে বাগেরহাট থেকে প্রত্যাহার করা হয়।এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশে মিজানুর রহমানকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়। উপ-মহাপরিদর্শক (প্রশাসন) বেনজির আহমেদ স্বাক্ষরিত ওই প্রত্যাহার আদেশে তাঁকে সদর দপ্তরে যোগ দিতে বলা হয়। তবে প্রত্যাহারের কোনো কারণ বলা হয়নি। বিভিন্ন গণমাধ্যমপ্রতিষ্ঠানের কার্যালয়ে পুলিশ সদর দপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক প্রথম আলোকে বলেন, আদালতের আদেশেই মিজানুর রহমানের বরখাস্তের আদেশ বাতিল করা হয়েছে। তাঁর ব্যাপারে মন্ত্রণালয় কোনো তদন্ত করেছিল কি না, জানতে চাইলে প্রতিমন্ত্রী কোনো মন্তব্য করতে রাজি হননি।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকটি সূত্র মতে, মিজানুর রহমানের বরখাস্তের আদেশ বাতিল করা নিয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে কিছুটা ক্ষোভ রয়েছে। নাম না প্রকাশের শর্তে ওই কর্মকর্তারা বলেন, এত বড় অন্যায় করার পরও রাজনৈতিক চাপে তাঁর বরখাস্তের আদেশ বাতিল করতে হয়েছে।মিজানুর রহমান বাগেরহাটের পুলিশ সুপার থাকার সময় গত ১৭ ফেব্রুয়ারি শতাধিক পুলিশ আর অর্ধশত শ্রমিক গোপালগঞ্জ ও বাগেরহাট জেলার মধ্যবর্তী গ্রাম চরগোবরায় ঢুকে পড়েন। সীমানা নির্ধারণের ঘোষণা দিয়ে তাঁরা গ্রামবাসীর জমির ফসল কেটে নিয়ে যান। তাঁরা জমির মাটি কেটে সীমানার নামে আইল তৈরিরও চেষ্টা করেন। ওই জমিতে পুলিশের বিভিন্ন কর্মকর্তার মালিকানা দাবি করে সাইনবোর্ড টাঙানো হয়। মিজানুরের নির্দেশেই এ কাজ করা হয় বলে অভিযোগ রয়েছে।প্রথম আলোসহ কয়েকটি পত্রিকায় এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর প্রশাসনের নির্দেশে সাইনবোর্ড অপসারণ করা হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মিজানুর রহমানের সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।স্থানীয় লোকজন সে সময় মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ করে, তাঁর মদদে জেলার সীমানা নির্ধারণের নামে রাস্তার পাশের জমি দখল করে অন্যের নামে সাইনবোর্ড লাগানো হয়েছে।প্রসঙ্গত, মিজানুর রহমানের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। তিনি এ সুযোগ কাজে লাগিয়ে বরখাস্তের আদেশ বাতিল করিয়েছেন বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।