এমএলএম কোম্পানি সম্পর্কে আকবর আলি খান
এসব প্রতিষ্ঠান একজনের সর্বনাশ করে, অন্যজন বড়লোক হয়
প্রথম আলো: বাংলাদেশে অনেকগুলো এমএলএম কোম্পানি দীর্ঘদিন ধরে চলছে। এগুলো আসলে কীভাবে চলছে?আকবর আলি খান: বেশির ভাগ কোম্পানি সমবায় হিসেবে নিবন্ধন করে। সমবায় ব্যাংকের ওপর বাংলাদেশ ব্যাংকের কর্তৃত্ব বা ক্ষমতা নেই। তারা পরিদর্শন করতে পারে। কর্তৃত্ব বা ক্ষমতা সম্পূর্ণ সমবায় অধিদপ্তরের। কিন্তু সমবায় অধিদপ্তর সে ক্ষমতা নিতে রাজি হচ্ছে না। এখানে যেটা করা উচিত সেটা হলো সমবায় ব্যাংকের জন্য সর্বোচ্চ সম্পদের একটা সীমা নির্ধারণ করা উচিত। যদি ধরেন, একটা সমবায় ব্যাংকের সম্পদ ১০ বা ১৫ কোটি টাকার বেশি হয়ে যায় তাহলে এটিকে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। এটি করা গেলে হয়তো বাংলাদেশ ব্যাংকের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা যাবে। প্রথম আলো: এমএলএম কোম্পানির কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশ ব্যাংক ও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান গত ১২ বছর ধরে নেতিবাচক প্রতিবেদন দিয়ে আসছে। কিন্তু তার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এর কারণ কী বলে আপনার মনে হয়?আকবর আলি খান: আমাদের যে আইনের দুর্বলতা, এর ফাঁক গলেই এরা এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে সমবায় আইনটি অত্যন্ত দুর্বল। এটা করা হয়েছিল সমবায়ের জন্য। তখন এটা মাথায় রেখে করা হয় যে এগুলো বড় আর্থিক প্রতিষ্ঠান হবে না। কিন্তু সমবায়ের নাম নিয়ে অনেক প্রতিষ্ঠান অনেক বড় হয়ে যাচ্ছে, এটি বিপজ্জনক। এ ধরনের প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য যে ধরনের টেকনিক্যাল এক্সপার্টিজ দরকার তা সমবায় অধিদপ্তরের নেই। সুতরাং, এটা বাংলাদেশ ব্যাংকে ন্যস্ত করা দরকার। অথবা বাংলাদেশ ব্যাংকের বাইরে আলাদা সংস্থা করা যেতে পারে, যেগুলো নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোকে তত্ত্বাবধান করতে পারবে। প্রথম আলো: সাধারণ মানুষ সহজে বড়লোক হওয়ার স্বপ্নে এমএলএমে জড়িত হচ্ছে। আপনার কি মনে হয়, এটা সহজে বড়লোক হওয়ার উপায় হতে পারে?আকবর আলি খান: সহজে বড়লোক হওয়ার আসলে কোনো উপায় নেই। এসব প্রতিষ্ঠানে যেটা হয়, তা হলো একজনের সর্বনাশ করে অন্যজন বড়লোক হয়। সামাজিক দিক থেকে এটি গ্রহণযোগ্য নয়। এগুলোর অনেক ক্ষেত্রে প্রতারণা রয়েছে। এখানেও আইনের অনেক দুর্বলতা রয়েছে। প্রথম আলো: আপনি তো অর্থসচিব ছিলেন, সরকারের বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন, আমরা একটা জিনিস দেখি যে এ ধরনের কর্মকাণ্ড সরকার জানলেও প্রথমে কোনো ব্যবস্থা নেয় না। অনেকেই যখন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জড়িত হয়ে পড়ে, প্রতারণার শিকার হয় তখন তারা ব্যবস্থা নেয়। এটি কেন হয় বলে আপনার মনে হয়?আকবর আলি খান: এ সমস্যাটা হচ্ছে কারণ আইনও ঠিকমতো নেই, প্রতিষ্ঠানও নেই। অনেকগুলো প্রতিষ্ঠান এ ধরনের প্রতারণা করেছে। এখনই সরকারের সজাগ হওয়া উচিত। আইনগত ও প্রাতিষ্ঠানিক পরিবর্তন করতে হবে। শুধু আইন করলে হবে না। এগুলো যদি দ্রুত করা না হয়, তবে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।প্রথম আলো: এ সমস্যার কীভাবে সমাধান করা যাবে? মানুষকে কীভাবে এই ঝুঁকি থেকে বের করে আনা যাবে?আকবর আলি খান: অনেক প্রতিষ্ঠান যেমন সম্প্রতি একটি প্রতিষ্ঠান বিতর্কিত হয়েছে সমবায় সমিতি হিসেবে। অনেক ক্ষেত্রে সমবায় সমিতি হিসেবে নিবন্ধন না নিয়েও প্রতারণা করা হচ্ছে। এ ধরনের প্রতারণা বন্ধ করার জন্য আমাদের অর্থ মন্ত্রণালয়ে আলাদা একটা এজেন্সি করা উচিত। কারণ, এটা পুলিশের পক্ষে করা সম্ভব নয়, দুর্নীতি দমন কমিশনের পক্ষে করা সম্ভব নয়। কাজেই এমন একটি সংস্থা করা উচিত—যারা এগুলো চিহ্নিত করতে পারবে, তদন্ত করতে পারবে এবং বিচারের ব্যবস্থা করতে পারবে। সে জন্য অনেকগুলো পরিবর্তনের দরকার। একটা হলো, সব আইন-কানুন পরিবর্তন করতে হবে। দুই হলো, বাংলাদেশ ব্যাংক মূলত বাণিজ্যিক ব্যাংক নিয়ন্ত্রণ করে। এর বাইরে যেসব আর্থিক প্রতিষ্ঠান, সেগুলো নিয়ন্ত্রণের জন্য আলাদা একটা সংস্থা করা উচিত। যারা এ ধরনের প্রতারণা করে তাদের বিরুদ্ধে মামলা-মোকদ্দমা করার জন্য একটা এজেন্সি করা উচিত। এ ধরনের ঘটনা এটাই শেষ ঘটনা নয়, আগেও ঘটেছে এখনো ঘটছে, ভবিষ্যতেও ঘটবে। তাই জরুরি ভিত্তিতে এসব আইন-কানুন পরিবর্তন করতে হবে, সেই সঙ্গে সাংগঠনিক পরিবর্তন করতে হবে।প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।আকবর আলি খান: ধন্যবাদ।