এসব বদমায়েশ ছেলের দরকার নেই: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা সচিবালয়ে নিজ কার্যালয়ে বসে টিভিতে দেখেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এই গোলাগুলি ও অস্ত্রের মহড়ার দৃশ্য দেখার পর সাংবাদিকদের সামনে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া জানান মন্ত্রী। আজ মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সামনে মন্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ফোন করেন। ফোনে উপাচার্যকে তিনি বলেন, ‘এসব বদমায়েশ ছেলের আমাদের দরকার নেই। অবিলম্বে এদেরকে বিশ্ববিদ্যালয় থেকে এক্সপেল করেন। এরা সর্বনাশ করে দেবে।’আজ ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি চলে। এ সময় প্রায় ৫০টি গুলি ছোড়া হয়। পুলিশের সামনে প্রকাশ্যে গুলি চালান ছাত্রলীগের একাধিক নেতা-কর্মী। এমনকি পুলিশের সঙ্গে হাঁটতে হাঁটতেও তাঁদের পিস্তলে গুলি ভরতে দেখা যায়। বিশ্ববিদ্যালয়জুড়ে চলে ছাত্রলীগের অস্ত্রের মহড়া। এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিত্সাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।