২৪ জুলাই আইন অধিকার পাতায় প্রকাশিত ‘সড়ক দুর্ঘটনার বিচারে চাই ট্রাইব্যুনাল’ লেখাটির জন্য লেখককে ধন্যবাদ। চট্টগ্রামের মিরসরাইয়ের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪১ ছাত্রের। যেসব মা-বাবার কোল খালি করে চলে গেল এই ছেলেরা, সেসব মা-বাবাকে কী বলে সান্ত্বনা দেবে এই রাষ্ট্র? হাজার টাকা আর এ দিনের শোক পালনের মধ্যে দিয়েই মেনে নিতে হলো এই ট্র্যাজেডি। প্রতিটি দুর্ঘটনার জন্ম হয় আইন মেনে না চলায়। প্রশ্ন হলো, কখনো রাষ্ট্রের মানুষ রাষ্ট্রের নাগরিক হয়েও রাষ্ট্রের আইন ভঙ্গ করে, কেন করে? যখন তারা দেখে রাষ্ট্রের আইনব্যবস্থা ভঙ্গুর, নেই তার যথাযথ প্রয়োগ ও বাস্তবায়ন। বর্তমান সময়ে আইনের প্রতি শ্রদ্ধাবোধ থাকলে কী করে মানুষ আইন লঙ্ঘন করে গাড়ি চালায়, সন্দেহভাজন আমরা সাধারণ মানুষ একটা করে ট্র্যাজেডির মুখোমুখি হই আর অসাধারণেরা যাঁরা কোনো দিনও ট্র্যাজেডির মুখোমুখি হন না, তাঁরা একটি বিবৃতি দেন, তদন্তের আশ্বাস দেন, তারপর তাঁদের দায়িত্ব শেষ হয়ে যায়। আর আমরা স্বজন হারানোর বুকভরা ব্যথা নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত অপেক্ষা করি।সড়ক দুর্ঘটনা আইনসহ অন্যান্য বিষয়ে যথাযথ আইন প্রণয়ন ও তার বাস্তবায়ন এবং মানুষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল করে গড়ে তোলার বিষয়ে নানা কর্মসূচি গ্রহণ এখন সময়ের দাবি। আতিউর রহমানশিক্ষার্থী, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ।