গোয়েন্দা পুলিশের হেফাজতে রুবেল হত্যা মামলায় পুলিশের তৎকালীন সহকারী কমিশনার (এসি) মো. আকরাম হোসেনসহ ১৩ আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। নিম্ন আদালতের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে তাঁদের আপিল মঞ্জুর করে এ রায় দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ কে এম ফজলুর রহমান ও মুহাম্মদ আবদুল হাফিজের বেঞ্চ এ রায় দেন। অন্য আসামি পুলিশের উপপরিদর্শক হায়াতুল ইসলাম ঠাকুরের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বহাল রাখা হয়েছে। তবে রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জানিয়েছেন।আদালতে আসামিদের পক্ষে আইনজীবী আনিসুল হক ও শেখ বাহারুল ইসলাম মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাকিলা রওশন ও সহকারী অ্যাটর্নি জেনারেল শারমিন হক। শেখ বাহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, আদালত ১৩ জনের আপিল মঞ্জুর করে খালাস দিয়েছেন। হায়াতুল ইসলামের সাজা বহাল রাখা হয়েছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাকিলা রওশন প্রথম আলোকে বলেন, ১৩ জনের আপিল মঞ্জুর করা হয়েছে। একজনের আপিল আবেদন নাকচ করা হয়েছে। এই রায়ের বিরুদ্ধে অবশ্যই আপিল করা হবে। ১৯৯৮ সালের ২৩ জুলাই ডিবির উপপরিদর্শক হায়াতুল ইসলাম ঠাকুরের নেতৃত্বে একটি দল ৫৪ ধারায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ছাত্র শাহীন রেজা রুবেলকে আটক করে। পরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রুবেলের মৃত্যু হয়। ওই ঘটনায় দায়ের করা মামলার রায়ে ২০০২ সালের জুনে ঢাকার অতিরিক্ত দায়রা জজ আদালত এসি আকরামসহ ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ ছাড়া মুকুলি বেগম নামে এক আসামিকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। আসামিদের পক্ষে ওই রায়ের বিরুদ্ধে ওই বছরই হাইকোর্টে পৃথক আপিল করা হয়।দীর্ঘদিন পর চলতি বছরের মার্চ থেকে হাইকোর্টে আপিলের ওপর শুনানি হয়।উচ্চ আদালতে খালাস পাওয়া পুলিশ সদস্যরা হলেন: এসি আকরাম হোসেন, পরিদর্শক আমিনুল ইসলাম, উপপরির্দশক আমীর আহমেদ তারেক, নুরুল আলম, সহকারী উপপরির্দশক আবদুল করিম, হাবিলদার নুরুজ্জামান, কনস্টেবল রাতুল পারভেজ, মীর ফারুক, মং শেওয়েন, আবুল কালাম আজাদ, কামরুল হাসান ও জাকির হোসেন। এ ছাড়া মুকুলি বেগমকেও খালাস দেওয়া হয়।