এসি কামরা ও কেবিনের টিকিটের হাহাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ রোববার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ বিক্রি হয়েছে ২৬ আগস্টের যাত্রার টিকিট। কিন্তু টিকিটের তুলনায় চাহিদা বেশি থাকায় ঘণ্টার পর ঘণ্টা সারিতে দাঁড়িয়েও নিরাশ হয়ে ফিরতে হয়েছে অনেককে। বিশেষ করে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কামরা এবং কেবিনের টিকিটের জন্য হাহাকার দেখা গেছে।বাংলাদেশ রেলওয়ের সূত্র জানায়, সড়ক-মহাসড়কের বেহাল অবস্থার কারণে এবার ট্রেনের ওপর চাপ বেশি। আজ সকালে কমলাপুর স্টেশনে গিয়ে দেখা যায়, টিকিটের জন্য লম্বা সারি। অনেকে সারিতে দাঁড়িয়েছেন গতকাল শনিবার রাতে। সেখানে সকাল নয়টার দিকে কথা হয় ঢাকা থেকে দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেসের টিকিট কাটতে আসা মশিউর রহমানের সঙ্গে। হতাশ কণ্ঠে তিনি বলেন, ‘ঈদে পরিবার নিয়ে বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল। কেবিনের টিকিট কেনার আশায় রাতে এসে লাইনে দাঁড়িয়েছিলাম। লাইনে দাঁড়িয়েই কলা-রুটি খেয়ে সেহরি করেছি। কিন্তু কেবিন বা এসির টিকিট পেলাম না। শোভন চেয়ারের টিকিটের লাইন এত লম্বা! টিকিট পাওয়ার উপায় নেই। কাল আবার চেষ্টা করব।’টিকিট না পেয়ে এমন কথা বলেন আরও কয়েকজন। আবার অনেকে টিকিট পেয়ে খুশিমনে ফিরলেন বাড়ি।লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস, রাজশাহীগামী পদ্মা, ধূমকেতু, সিল্কসিটি; দিনাজপুরগামী একতা ও দ্রুতযান; জামালপুরগামী যমুনা ও অগ্নিবীণা এক্সপ্রেসের টিকিটের সারি ছিল বেশি দীর্ঘ।রেলওয়ের কর্মকর্তারা জানান, দুপুরের মধ্যেই লালমনি এক্সপ্রেস, দ্রুতযান, যমুনা, সিল্কসিটির যেসব টিকিট বিক্রির জন্য কাউন্টারে দেওয়া হয়, তা সব শেষ হয়ে যায়। মন্ত্রী, সাংসদ, আমলা ও প্রভাবশালীরা যেসব টিকিটের বুকিং দিয়েছিলেন, সেগুলো কাউন্টারে দেওয়া হয় না। এসব বুকিং থাকে এসি কামরা ও কেবিনের টিকিটের জন্য।বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হালিমা খাতুন বলেন, মেয়েদের জন্য আলাদা সারি নেই। তাই সকালে সারিতে দাঁড়িয়েছেন। দিনাজপুরের যেকোনো ট্রেনের টিকিট পেলেই তাঁর চলবে। তবে তখনো ওই সারিতে তাঁর সামনে ছিলেন শ দেড়েক মানুষ। রেলওয়ে সূত্র জানায়, দিনাজপুরের প্রায় সব ট্রেনের ২৬ আগস্টের অগ্রিম টিকিট শেষ। কোনো ট্রেনের টিকিট শেষ হলেই মাইকে জানানো হয়েছে। কিন্তু ওই ঘোষণা না শুনে অনেকে সারিতে দাঁড়িয়ে কষ্ট করেন।কাল সোমবার বিক্রি হবে ২৭ আগস্টের যাত্রার টিকিট। ২৫ আগস্ট পর্যন্ত পরবর্তী তিন দিনের অগ্রিম টিকিট বিক্রি হবে। অগ্রিম টিকিট গ্রামীণফোন, বাংলালিংকসহ কয়েকটি মুঠোফোন অপারেটরও বিক্রি করছে। এ জন্য কমলাপুর স্টেশনসহ কয়েকটি স্থানে এসব মুঠোফোন অপারেটর বুথও চালু করেছে। এসব বুথ থেকে খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে টিকিট বুকিং দেওয়া যায়।এবার রেলওয়ের পূর্বাঞ্চলে ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম স্টেশনে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। অন্যান্য ঈদে ঢাকার বিমানবন্দর, বনানী, গাজীপুরের জয়দেবপুর, সিলেটেও অগ্রিম টিকিট বিক্রি হতো।রেলওয়ে সূত্র জানায়, এবার ঈদে রেলওয়ের ২৫টি আন্তনগর ট্রেন কমলাপুর স্টেশন থেকে চলবে। এসব ট্রেনে যাত্রী বহনের ক্ষমতা আছে ১৫ হাজার ৭৩৫ জন। এ ছাড়া তিন জোড়া বিশেষ ট্রেনও চলবে।রেলওয়ের সহকারী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা সাইদ আহম্মেদ প্রথম আলোকে বলেন, দূরপাল্লার পথের সব টিকিট বিক্রি হয়ে গেছে। কাছাকাছি গন্তব্যের কিছু টিকিট আছে। মন্ত্রী-সাংসদদের বুকিং সম্পর্কে তিনি বলেন, ‘এত বেশি চাপ নেই। বরাবরের মতোই।’