এসি ঘরে বসে সরকারের পতন ঘটানো যাবে না: রফিকুল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেছেন, এসি ঘরে বসে, গোলটেবিল আলোচনা করে কিংবা মানববন্ধনের মাধ্যমে বর্তমান সরকারের পতন ঘটানো যাবে না। এই সরকারের পতন ঘটাতে হলে রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম মিয়া এসব কথা বলেন। বিচার বিভাগকে দলীয়করণের প্রতিবাদে এবং সব রাজবন্দীর মুক্তির দাবিতে বাংলাদেশ প্রজন্ম একাডেমি এই অবস্থান কর্মসূচির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কালাম ফয়েজী।জাতীয় প্রেসক্লাবের সামনে আরেক বিক্ষোভ সমাবেশে রফিকুল ইসলাম মিয়া বলেন, গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়ায় এবং সত্য ও ন্যায়ের কথা বলায়, অন্যায়ের প্রতিবাদ করায় দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন আ ন হ আখতার হোসেন।বিক্ষোভ সমাবেশে রফিকুল ইসলাম মিয়ার দাবি, ‘সমগ্র দেশ এখন বিস্ফোরণের মুখে। বর্তমানে দেশে গণতন্ত্র নেই। আইনের শাসন নেই। সংবাদপত্রের স্বাধীনতা নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচন অনিশ্চয়তার মুখে। এ অবস্থায় গণতন্ত্রের পক্ষে কথা বলায় ও অন্যায়ের প্রতিবাদ করায় মাহমুদুর রহমানকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে।’ তিনি বলেন, মাহমুদুর রহমানের অপরাধ থাকলে সে বিষয়ে বিচার বিভাগ সিদ্ধান্ত নেবে। কিন্তু সরকার অন্যায়ভাবে তাঁকে গ্রেপ্তার করেছে। রাজপথে আন্দোলনের মাধ্যমে মাহমুদুর রহমানকে মুক্ত করার আহ্বান জানান তিনি।