এসি রুমে বসে চেহারা সুন্দর করলে হবে না
যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এসি রুমে বসে থেকে চেহারা সুন্দর করলে হবে না। রোদ-বৃষ্টিতে বেরিয়ে রাস্তার কাজ তদারকি করতে হবে।’ আজ রোববার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়ক পরিদর্শনকালে ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী কুরুলিয়া সেতু এলাকায় জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামকে উদ্দেশ করে মন্ত্রী এ কথা বলেন। পরিদর্শনকালে মন্ত্রী তিন দিনের মধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কের সব গর্ত ভরাটের নির্দেশ দেন। তা ছাড়া ঈদের আগে পুরো সড়কটির কার্পেটিং কাজ শেষ করারও নির্দেশ দিয়েছেন তিনি। যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের আজ আকস্মিক কুমিল্লা-সিলেট মহাসড়ক পরিদর্শনে যান। তিনি কুমিল্লা হয়ে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে প্রথমে কসবার কালামুড়া এলাকায় সড়ক ও সেতু পরিদর্শন করেন। এ সময় সড়কটির খানাখন্দ ও গর্ত দেখে তিনি ক্ষিপ্ত হন। পরে মন্ত্রী সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) স্থানীয় কার্যালয় ও রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। সড়ক পরিবহন কর্তৃপক্ষের স্থানীয় কার্যালয়ে গিয়ে তিনি সম্প্রতি রাজশাহীতে বদলি হয়ে যাওয়া সহকারী পরিচালক জালাল উদ্দিনের বিরুদ্ধে গ্যাসচালিত অটোরিকশার অবৈধ লাইসেন্স দেওয়ার অভিযোগ পান। অভিযোগ শুনে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি রাজশাহীর বিভাগীয় কমিশনারকে মুঠোফোনে নির্দেশ দেন।ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন পরিদর্শনের সময় যাত্রীদের কাছ থেকে টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগ ও গ্রাহকসেবায় থাকা টিঅ্যান্ডটির ফোন বন্ধ থাকায় স্টেশন মাস্টার ওয়াহিদুজ্জামানকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে রেল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এ ছাড়া তিনি দায়িত্বে অবহেলার জন্য রেল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক নুরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চট্টগ্রাম বিভাগীয় রেল পুলিশ সুপারকে মুঠোফোনে নির্দেশ দেন।