এসিএমএমের বিচারিক ক্ষমতা প্রত্যাহারে আইনজীবীদের মধ্যে প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম (এসিএমএম) মো. আবদুর রহমানের কাছ থেকে দ্রুত বিচার অধ্যাদেশ আইনের বিচারিক ক্ষমতা সোমবার সকাল নয়টায় প্রত্যাহার করা হয়। এর পরও ওই দিন তাঁর আদালতে এ-সংক্রান্ত আইনের মামলার শুনানির জন্য প্রস্তুতি নেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চট্টগ্রাম আদালতের আইনজীবীদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আদালত সূত্র জানায়, মুখ্য মহানগর হাকিম এ বি এম নিজামুল হক গত সোমবার সকালেই অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম ও মহানগর হাকিমদের দায়িত্ব বণ্টন করেন, যা ওই দিন সকালেই বিজ্ঞপ্তি আকারে ঘোষণা আসে। আলী মনসুর নামের নতুন এক মহানগর হাকিম কাজে যোগ দেওয়ার পরিপ্রেক্ষিতে এই দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়।মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) দাপ্তরিক সূত্র জানায়, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগের বিজ্ঞপ্তি নম্বর বিচার-১৩-১-২০১০, তারিখ ৩১/০৫/২০১২ অনুযায়ী আলী মনসুর সিনিয়র সহকারী জজ, রাউজানকে মহানগর হাকিম, চট্টগ্রাম হিসেবে বদলি করা হয়।’সিএমএমের দাপ্তরিক সূত্র জানায়, ‘সুপ্রিম কোর্ট ও মন্ত্রণালয়ের আদেশের পরিপ্রেক্ষিতে আলী মনসুর ১৮/০৬/২০১২ (সোমবার) তারিখ পূর্বাহ্নে (সকাল ৯টা অফিস সময়সূচি) মহানগর হাকিম হিসেবে যোগদান করেন। এর পরিপ্রেক্ষিতে বিজ্ঞ অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আবদুর রহমান ও বিজ্ঞ মহানগর হাকিম মুনতাসির আহমেদকে যথাক্রমে দ্রুত বিচার আদালত, মহানগর হাকিম প্রথম আদালত ও তৃতীয় আদালতের দায়িত্ব যোগদানকৃত নতুন মহানগর হাকিম আলী মনসুরের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়।’সিএমএমের দাপ্তরিক সূত্র জানায়, দায়িত্ব বণ্টনের এই আদেশ উপস্থিত হাকিমদের মৌখিকভাবে সোমবার সকালে জানিয়ে দেওয়া হয়। দাপ্তরিক আদেশ দেওয়ার পরও অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবদুর রহমানের আদালতে দ্রুত বিচার আইনের মামলার নথি উপস্থাপনের চেষ্টা হয়।জানতে চাইলে সাবেক পিপি কামরুল ইসলাম বলেন, ‘সোমবার সকালের সিএমএমের দাপ্তরিক আদেশের ব্যাপারে আমাদের কিছু জানা নেই। আমরা দ্রুত বিচার আইনের মামলা শুনানির জন্য অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে প্রস্তুত ছিলাম। ওই দিন দুপুর পৌনে ১২টায় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবদুর রহমান একটি আদেশে সই করে বলেছিলেন, ‘দ্রুত বিচার আইনের মামলার ব্যাপারে বিচার করার এখতিয়ার তাঁর (আবদুর রহমান) নেই। আবদুর রহমান সাহেব আমাদের সংশ্লিষ্ট আদালতে যেতে বলেন। এর পরই আইনজীবীদের মধ্যে প্রতিক্রিয়া হয়।’চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও মহানগর আদালতের অতিরিক্ত পিপি অশোক কুমার দাশ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, সিএমএম যেকোনো হাকিমকে বিচারিক দায়িত্ব দিতে পারেন। আবার তা প্রত্যাহারও করে নিতে পারেন। এ ক্ষেত্রে দ্রুত বিচার আইনের মামলার বিচারিক ক্ষমতা যদি সোমবার সকালে অন্য একজন হাকিমকে সিএমএম দিয়ে দেন, তাহলে অতিরক্তি মুখ্য মহানগর হাকিম একই আইনে মামলার শুনানির চেষ্টা করতে পারেন না। সোমবার সকালে দায়িত্ব বণ্টনসংক্রান্ত বিজ্ঞপ্তির প্রতি সবার শ্রদ্ধাশীল থাকা উচিত।