এসিড অপরাধ মামলার বিচার পেতে বিলম্ব
এসিড-সন্ত্রাসে ঝলসে যাওয়া বগুড়ার মিথিলা পারভীন ও তাঁর মা বিউটি খাতুন তিন বছর ধরে বিচারের জন্য অপেক্ষা করছেন। স্বামী-সন্তানসহ এসিড-সন্ত্রাসের আরেক শিকার নরসিংদীর মরিয়ম বেগম প্রায় চার বছর ধরে বিচারের আশায় ঘুরছেন। এমন আরও অনেকেই বিচার পাচ্ছেন না। অথচ এসিড অপরাধ দমন আইন, ২০০২ অনুযায়ী, ৯০ কর্মদিবসের মধ্যে মামলার বিচারের প্রক্রিয়া সম্পন্ন করার কথা।তবে আশার কথা, গত ১০ বছরে এসিড-সন্ত্রাসের মামলায় ১৩ জন আসামির মৃত্যুদণ্ড হয়েছে। যদিও এখনো কোনো মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। এ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে ১০২ জনের। এ তথ্য জানা গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে। অবশ্য অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেশির ভাগ মামলায় আসামিরা খালাস পেয়ে গেছে।২০০২ থেকে ২০১২ সাল পর্যন্ত ১০ বছরের সরকারি হিসাব অনুযায়ী, এসিড-সন্ত্রাসের ঘটনায় সারা দেশে মামলা হয়েছে এক হাজার ৭১৬টি। অভিযোগ প্রমাণিত হয়নি দাবি করে ৬৭২টি মামলায় (৩৯%) চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। ৪৭৯টি (২৮%) মামলায় আসামিরা খালাস পেয়েছে। আর সাজাপ্রাপ্ত মামলার সংখ্যা মাত্র ১৬৭। বর্তমানে তদন্ত চলছে ৫৫টি মামলার। বাকি ৩৪৩টি মামলা মুলতবি আছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, সাম্প্রতিক সময়ে এসিড-সন্ত্রাসের ঘটনা মোটামুটি স্থিতিশীল। ২০০২ থেকে ২০১০ সাল পর্যন্ত এই সংখ্যা ক্রমান্বয়ে কমছিল। আবার ২০১০-এর তুলনায় ২০১১ সালে সামান্য বেড়েছে (তিনটি)। তবে এসিড অপরাধ মামলার তদারক কমিটির হিসাব বলছে, ২০১১ সালে এসিড-সন্ত্রাসের ঘটনা বাড়লেও ২০১২ সালের মার্চ পর্যন্ত অপরাধ আবার কমতির দিকে।সরকারি ও বেসরকারি বিভিন্ন তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, এসিড-সংক্রান্ত মামলায় বাদী ও তাঁর স্বজনদের শরীরের বিভিন্ন স্থানে এসিডের ক্ষত থাকলেও বেশির ভাগ মামলায় পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দেয়।এসিড সারভাইভারস ফাউন্ডেশনের তথ্য-প্রমাণ বলছে, বাদী চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন দেওয়ার পর অনেকটা বাধ্য হয়েই আদালতে অভিযোগপত্র দিচ্ছে পুলিশ। এরপর সাক্ষী পাওয়া যায় না। আইনজীবীদের অনেকেও জড়িয়ে পড়ছেন অনৈতিক চর্চায়। আবার রাজনৈতিক প্রভাবে অনেক মামলা ভিন্ন খাতে নেওয়া হচ্ছে। এ ছাড়া, নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে মামলার দীর্ঘসূত্রতা তো রয়েছেই।এসিড সারভাইভারস ফাউন্ডেশনের পরিসংখ্যান অনুযায়ী, ২০০২ সালে এসিড-সন্ত্রাসের ঘটনা ঘটে ৩৬৭টি, ২০০৩ সালে ৩৩৫, ২০০৪ সালে ২৬৬, ২০০৫ সালে ২১৭, ২০০৬ সালে ১৮০, ২০০৭ সালে ১৫৫, ২০০৮ সালে ১৩৭, ২০০৯ সালে ১২০, ২০১০ সালে ১১৫ আর ২০১১ সালে ৮৪টি এবং চলতি বছরের মে মাস পর্যন্ত ২৯টি।দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা স্থানান্তর: গত মে মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘসূত্রতা ও সময়ক্ষেপণের কারণে এসিড মামলার অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে এসিড নিক্ষেপকারীদের বিচারের আওতায় আনার লক্ষ্যে এই অপরাধের মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ১৪ মে এসিড অপরাধ মামলা তদারক কমিটির ষষ্ঠ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।এসিড অপরাধ মামলা তদারক কমিটির সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (আইন ও পরিকল্পনা) শওকত মোস্তফা প্রথম আলোকে বলেন, স্বাভাবিক প্রক্রিয়ায় এসিড নিক্ষেপকারীদের বিচার করতে অনেক সময় লেগে যায়। বেশির ভাগ ক্ষেত্রে অপরাধীরা প্রভাব খাটিয়ে খালাস পায়। তাই মন্ত্রণালয় এসিড অপরাধ মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে।দ্রুত বিচার ট্রাইব্যুনালের নিয়ম অনুযায়ী ওই ট্রাইব্যুনালে এসিড মামলা স্থানান্তরিত হলে স্থানান্তরের তারিখ থেকে ৯০ কার্যদিবসের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হবে। কোনো কারণে নিষ্পত্তি না হলে কারণ জানিয়ে অতিরিক্ত ৩০ কার্যদিবসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে হবে এবং এ বিষয়ে সুপ্রিম কোর্টকে লিখিতভাবে জানাতে হবে।এর পরও যুক্তিসংগত কোনো কারণে মামলার নিষ্পত্তি সম্ভব না হলে ট্রাইব্যুনাল কারণ লিপিবদ্ধ করে সর্বশেষ আরও ১৫ দিন সময় পাবেন। এর পরও মামলা নিষ্পত্তি না করলে মামলা যে আদালত থেকে স্থানান্তর করা হয়েছিল, সেখানে ফেরত পাঠানো হবে।এসিড সারভাইভারস ফাউন্ডেশনের (এএসএফ) নির্বাহী পরিচালক মুনিরা রহমান প্রথম আলোকে বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনালে এসিড অপরাধের মামলা স্থানান্তর করা হলে বিচার তাড়াতাড়ি সম্পন্ন হওয়ার পাশাপাশি এ ধরনের অপরাধ কমে আসবে।দুই বছরেও এসিড নিয়ন্ত্রণ কাউন্সিলের সভা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে প্রধান করে জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল গঠন করা হলেও গত দুই বছরে একটি সভাও হয়নি। ২০০৪ সালে এই কাউন্সিল গঠন করার পর ২৩তম বৈঠকের জন্য অপেক্ষা চলছে। এসিড-সন্ত্রাস দমন আইনে বলা হয়েছে, জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল জেলা কমিটির বৈঠক প্রতি দুই মাসে একবার হওয়ার কথা, কিন্তু তা হচ্ছে না।প্রথম আলোর অনুসন্ধানে দেখা যায়, দিনাজপুর, ভোলা, খুলনা, কুমিল্লা, সাতক্ষীরাসহ বেশ কয়েকটি জেলায় বৈঠক নিয়মিত হয় না। আর এসব জেলাতেই এসিড-সন্ত্রাস বেশি ঘটে।এই কাউন্সিলের সদস্য মুনিরা রহমান বলেন, জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল নামে থাকলেও কাজে নেই। ২০১০ সালের এপ্রিল মাসে সর্বশেষ এই কমিটির বৈঠক হয়েছিল। নিয়মিত বৈঠক না হওয়ায় তহবিলের টাকা সঠিকভাবে বণ্টন না হওয়াসহ বিভিন্ন সমস্যা হয়।জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, শিগগিরই কাউন্সিলের বৈঠক ডাকা হবে। মন্ত্রণালয়ের অন্যান্য কাজে ব্যস্ত থাকায় কাউন্সিলের বৈঠক ডাকা হয়নি।নারীদের ওপর এসিড-সন্ত্রাসের ঘটনাগুলো পর্যালোচনা করলে দেখা যায়, এর শিকার যাঁরা হয়েছেন, তাঁরা বেশির ভাগই অপরাধীর পূর্বপরিচিত—স্বামী, প্রেমিক অথবা আত্মীয়। আর নারীর ওপর এসিড নিক্ষেপকারী সবাই পুরুষ। কিছু কিছু ক্ষেত্রে পুরুষও এসিড-সন্ত্রাসে আক্রান্ত হয়েছে।এসিডদগ্ধদের নিয়ে কয়েকটি প্রতিষ্ঠান কাজ করলেও নিয়মিত কাজ করছে এএসএফ ও এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিল। ১৯৯৯ সালে এসিডদগ্ধদের জন্য কাজ শুরু করে এএসএফ। ২০০০ সালে গঠিত হয় প্রথম আলো সহায়ক তহবিল। এএসএফ এ পর্যন্ত এক হাজার ৭০০ এসিডদগ্ধ নারীকে দেশে-বিদেশে চিকিৎসাসেবা দিয়েছে ও আইনি সাহায্য করেছে। প্রথম আলো সহায়ক তহবিল এ পর্যন্ত চিকিৎসা, আইনি সহায়তা, শিক্ষাবৃত্তি, জমি, ঘরবাড়ি, দোকান-ভ্যান ও গাভি প্রদানসহ নানাভাবে পুনর্বাসনে সাহায্য করেছে ২৮৪ জন এসিডদগ্ধ নারীকে। একই সঙ্গে প্রথম আলো নারীর ওপর এসিড-সন্ত্রাসের বিরুদ্ধে সভা-সমাবেশ ও বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে।এসিডে আক্রান্ত গোটা পরিবার, তার পরও প্রমাণ মেলে না: মরিয়মের স্বামী আবুল হাসেম ১৯৮০ সালে রসুলপুর গ্রামে দেড় একর খাসজমি বন্দোবস্ত নিয়ে বসবাস ও চাষাবাদ করতেন। এলাকার কাঞ্চন মিয়া তাঁদের উচ্ছেদ করতে একাধিক মামলা করেন। মামলায় হেরে গিয়ে ক্ষিপ্ত হন কাঞ্চন মিয়া সহযোগীদের নিয়ে এসিড নিক্ষেপ করেন আবুল হাসেমের পরিবারের সদস্যদের ওপর।তদন্ত কর্মকর্তা এই মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন। পুলিশ প্রতিবেদনে জানায়, ঘটনার সঙ্গে কারা সংশ্লিষ্ট, তার প্রমাণ পাওয়া যায়নি। পরে বাদীপক্ষ আদালতে নারাজি আবেদন করে। আদালত ঘটনাটি ফের তদন্তের জন্য গোয়েন্দা পুলিশকে আদেশ দেন। গোয়েন্দা পুলিশও মামলায় উল্লিখিত কয়েকজনের নাম বাদ দিয়ে আদালতে প্রতিবেদন দেয়। এতে ক্ষুব্ধ হয়ে বাদীপক্ষ আবার নারাজির আবেদন করে। এরপর তৃতীয় দফা তদন্তে পুলিশ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। মামলাটি বর্তমানে ভোলায় এসিড অপরাধ দমন ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। বিচারের দীর্ঘসূত্রতা: এসিড-সন্ত্রাসের বিচার পেতে দীর্ঘসূত্রতার অনেক দৃষ্টান্ত রয়েছে। কোনো কোনো মামলা চার-পাঁচ বছর ধরে এসিড অপরাধ দমন ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। অনেক ক্ষেত্রেই দেখা গেছে, প্রেমসংক্রান্ত কারণ ছাড়িয়ে এখন শারীরিক সম্পর্ক স্থাপনে বাধা দেওয়া, যৌতুক, পারিবারিক ও জমি নিয়ে বিরোধ অথবা রাজনৈতিক কোন্দলের অস্ত্র হিসেবে ব্যবহূত হচ্ছে এসিড।এএসএফের আইনজীবী অনিমেষ চন্দ্র সরকার বলেন, ২০০২ সালের এসিড অপরাধ দমন আইন ও এসিড নিয়ন্ত্রণ আইন দুটি খুবই ভালো। কিন্তু বাস্তবে আইন দুটি সঠিকভাবে প্রয়োগ করা হচ্ছে না। বিশেষ করে, থানায় মামলা হওয়ার পর সঠিকভাবে তদন্ত হয় না। ক্ষেত্রবিশেষে তদন্ত কর্মকর্তা দায়সারাভাবে ও অবহেলা করে চূড়ান্ত প্রতিবেদন দেন অথবা দুর্বল অভিযোগ আদালতে দাখিল করেন। অনেক সময় আসামিপক্ষের সঙ্গে অর্থ লেনদেনের অভিযোগ ওঠে। এ কারণে অনেক আসামির নাম অভিযোগপত্র থেকে বাদ পড়ে।