এসিড আক্রান্তদের পাশে ‘নন্দন’
‘নন্দন’ একটি শিল্পচর্চা প্রতিষ্ঠান। প্রতিবছরই প্রতিষ্ঠানটি আয়োজন করে তাদেরই শিল্পীদের শিল্পকর্মের প্রদর্শনী। সেই ধারাবাহিকতায় এবার ১০ জন শিল্পীর চিত্রকর্ম নিয়ে যে আয়োজনটি ছিল, তা ভিন্নমাত্রা পেয়েছে প্রদর্শনীর ছবি বিক্রির অর্থের ৫০ শতাংশ দান করা হবে এসিড আক্রান্তদের জন্য। প্রদর্শণীটির নাম ছিল ‘অবলোকন’। ঢাকার দৃক গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন হয় ২৫ ডিসেম্বর, চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এতে ১০ জন শিল্পীর মে,াট ৭০টি ছবি স্থান পেয়েছিল। ছবি বিক্রি হয় মোট ২৬ টি। এই বিক্রিলব্ধ টাকার ৫০ শতাংশ তুলে দেওয়া হয়েছে এসিড সারভাইভারস ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সদস্য ফজিলাতুন নেসার হাতে। ফজিলাতুন নেসা বলেন, নিজ নিজ পেশায় নিয়োজিত থেকেও যাঁরা আমাদের জন্য ভাবছেন, তাঁদের জন্য গর্ব বোধ করি।উদ্বোধনী দিনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল ও চিত্রশিল্পী ফরিদা জামান ও এসিড সারভাইভারস ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সদস্য ফজিলাতুন নেসা। উপস্থিত ছিলেন আবদুল্লাহ আবু সায়ীদ ও রেখা কিবরিয়া।