এসিড ও অগ্নিদগ্ধদের চিকিৎসায় বাংলাদেশি বিজ্ঞানীর সাফল্য
নিউজিল্যান্ড প্রবাসী এক বাংলাদেশি বিজ্ঞানী এসিড আক্রমণ ও অগ্নিকাণ্ডে গুরুতর শারীরিক জখম দ্রুত নিরাময়ে কার্যকর চিকিৎসা উদ্ভাবন করেছেন।কৃষিবিজ্ঞানী আজম আলী এমন এক জৈবভিত্তিক ড্রেসিং পদ্ধতি উদ্ভাবন করেছেন, যা প্রচলিত চিকিৎসা পদ্ধতির চেয়ে ৪০ শতাংশ দ্রুত নিরাময় করে।বাংলাদেশের খ্যাতনামা এক ওষুধ কোম্পানি এই নতুন উদ্ভাবিত পণ্য স্থানীয় বাজারে ছাড়ার জন্য এরই মধ্যে আজম আলীর সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গেছে।এই উদ্ভাবনের ফলে বাংলাদেশি এই বিজ্ঞানী বিশ্বখ্যাত ইনোভেশন অব দি ইয়ার অ্যাওয়ার্ড ইন ২০১০ লাভ করেছেন। আজম আলী নিউজিল্যান্ডে ভেড়ার পশম ব্যবহার করে ক্ষত ড্রেসিং, হাড় সংযোজন প্রতিস্থাপন পণ্য ও সেলাই প্রযুক্তি উদ্ভাবন করেছেন।তাঁর উদ্ভাবিত পণ্য দুটি এখন নিউজিল্যান্ডের একটি হাসপাতালে ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া পণ্য দুটি অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নেও ব্যবহারের অনুমতি পেয়েছে। আজম আলী গত সপ্তাহে ঢাকায় ব্যক্তিগত সফরকালে বলেন, নতুন এই জৈব ক্ষত ড্রেসিং পদ্ধতিতে চিকিৎসার সময় অনেক কম লাগে এবং এটি অনেক বেশি কার্যকর। এতে ক্ষত পূরণ ও কোষ বৃদ্ধি দ্রুত হয়।আলী বলেন, ক্ষত চিকিৎসায় প্রচলিত যেকোনো পণ্যের চেয়ে তাঁর উদ্ভাবিত পণ্য ৪০ শতাংশ দ্রুত কাজ করে।তিনি বাংলাদেশে তাঁর এই পণ্যের উজ্জ্বল সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, এ দেশে একই গুণ ও মানসম্পন্ন পণ্য তৈরিতে ভেড়ার পশমের বদলে চিংড়ির খোলস ব্যবহার করা যাবে।নতুন উদ্ভাবিত এই জৈব চিকিৎসা প্রচলিত সিনথেটিক চিকিত্সার চেয়ে ব্যয়বহুল হলেও ক্ষত নিরাময়ে এটি খুবই কার্যকর বলে আজম আলী জানান।আজম আলী বলেন, তাঁর এই চিকিৎসায় আগুনে পুড়ে যাওয়া ও এসিডে ঝলসানো ক্ষত সম্পূর্ণরূপে পূরণ হয়ে ক্ষতস্থান পূর্বাবস্থায় ফিরে যায়।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এই রসায়নবিদ যুক্তরাষ্ট্র থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন। এরপর তিনি কোরিয়ায় এবং বর্তমানে নিউজিল্যান্ডে গবেষণাকর্মে নিয়োজিত। তিনি এখন নিউজিল্যান্ডের ‘অ্যাগরিসার্চ’ নামে একটি খ্যাতনামা প্রতিষ্ঠানের সিনিয়র সাইন্টিস্ট। বাসস।