এসিড ছোড়ার পরে গুলি করে খুন
সারা শরীরে এসিড ছোড়ার পরে মাথায় গুলি করে সিএনজিচালিত অটোরিকশার চালক মো. ফারুক মিয়াকে খুন করেছে দুর্বৃত্তেরা। পরে পুলিশ দেড় শ ফুট উঁচু একটি টিলা থেকে তাঁর লাশ উদ্ধার করে। আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের কোল্লাপাথর শহীদ সমাধিস্থলের কাছে এ ঘটনা ঘটে।পুলিশ ও কোল্লাপাথর শহীদ সমাধিস্থলের তত্ত্বাবধায়ক মুক্তিযোদ্ধা আবদুল করিম জানান, কোল্লাপাথর শহীদ সমাধিস্থল এলাকায় আজ বিভিন্ন এলাকা থেকে লোকজন পিকনিক করতে যান। সকাল ১০টা থেকে সাড়ে ১০টার দিকে একটি গুলির শব্দ হয়। পরে লোকজন টিলার ওপরে একটি গুলিবিদ্ধ লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ ফারুকের লাশ উদ্ধার করে। এ সময় পুলিশ ফারুকের ব্যবহূত একটি মুঠোফোনের সেট ও তাঁর চালানো অটোরিকশা (মৌলভীবাজার-থ-১১-৩৬০৬) জব্দ করে। থানায় লাশের সুরতহাল করতে গিয়ে পুলিশ দেখতে পায় নিহতের সারা শরীর এসিডে ঝলসে গেছে। নিহতের স্বজনেরা থানায় এসে লাশ শনাক্ত করেন। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ফারুক আরব আমিরাতে (দুবাই) চাকরি করতেন। দেশে এসে একটি অটোরিকশা কিনে তিনি নিজেই চালাতেন।দেলী গ্রামের স্থানীয় ইউপি সদস্য আবদুর রউফ প্রথম আলো অনলাইনকে জানান, নিহত ফারুক নিরিবিলি মানুষ ছিলেন। কোনো ঝামেলার মধ্যে থাকতেন না। তাঁর স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে রয়েছে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. সাখাওয়াত হোসেন জানান, ধারণা করা হচ্ছে পূর্ববিরোধের জের ধরে পরিকল্পিতভাবে ফারুককে খুন করা হয়েছে। নিহতের মাথায় কানের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। শরীরের পেছন অংশ ঝলসে গেছে। নিহতের ব্যবহূত একটি মুঠোফোন সেট ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে।এ ঘটনায় নিহত ফারুকের ভগ্নিপতি নূর মোহাম্মদ কসবা থানায় মামলা করেছেন।