এসিড নিক্ষেপকারীদের শাস্তির মেয়াদ বৃদ্ধি করতে সংসদে বিল উপস্থাপন
এসিড-সন্ত্রাস রোধ করতে শাস্তির মেয়াদ বাড়িয়ে এবং ২২ সদস্যের জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল পুনর্গঠনের প্রস্তাব রেখে এসিড নিয়ন্ত্রণ (সংশোধন) বিল-২০১০ সংসদে উপস্থাপিত হয়েছে।স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে আজ সোমবার সংসদের অধিবেশন শুরু হলে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জাতীয় সংসদে এ বিলটি উত্থাপন করেন।এসিড নিয়ন্ত্রণ বিলটি উত্থাপনের পর পরীক্ষা-নিরীক্ষার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। কমিটিকে দুই সপ্তাহের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য বলেন স্পিকার।এসিড নিয়ন্ত্রণ আইন, ২০০২ কে সংশোধন করে নতুন বিলটি উত্থাপন করা হয়। প্রস্তাবিত বিল অনুসারে জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিলের চেয়ারম্যান হবে স্বরাষ্ট্রমন্ত্রী।কাউন্সিলের জেলা কমিটিতে একজন সাংসদ থাকেবেন উপদেষ্টা। আর সংশ্লিষ্ট পিপি, জেলা মহিলা সংস্থার সভানেত্রী, স্থানীয় প্রেসক্লাবের প্রতিনিধি, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ও নির্বাচিত মহিলা উপজেলা ভাইস চেয়ারম্যানদের একজন সদস্যও রাখা হবে।বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়, এসিডের আমদানি, উত্পাদন, পরিবহন, মজুদ, বিক্রয় ও ব্যবহার নিয়ন্ত্রণ, ক্ষয়কারী দাহ্য পদার্থ হিসেবে এসিডের অপব্যবহার রোধে এবং এসিড দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চিকিত্সা, পুনর্বাসন ও আইনগত সহায়তা দেওয়ার লক্ষ্যে এসিড নিয়ন্ত্রণ আইন-২০০২ প্রণীত হয়। এতে ১৬ সদস্যবিশিষ্ট জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল গঠন করা হয়।এ কাউন্সিলে আইন সচিব, সমাজকল্যাণ সচিব, পুলিশের মহাপরিদর্শকের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় এবং নারী প্রতিনিধিত্ব বৃদ্ধির লক্ষ্যে সদস্যসংখ্যা ২২ জন করে কাউন্সিল পুনর্গঠনের প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে।এসিড অপরাধসংক্রান্ত মিথ্যা মামলা দায়েরের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় তা রোধকল্পে মিথ্যা মামলা দায়েরের শাস্তি বৃদ্ধিও যুক্তিসংগত। গত বছরের ২ নভেম্বর বিলটি মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন দেওয়া হয়।