এসিড মামলায় বিচারপতির ছেলের জামিনে মুক্তি
হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরীর ছেলে সাফায়েত আহমেদ চৌধুরী (২৮) আজ রোববার জামিনে মুক্তি পেয়েছেন। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এ এইচ এম হাবিবুর রহমান এক লাখ টাকার মুচলেকায় এক আইনজীবীর জিম্মায় তাঁর জামিন মঞ্জুর করেন। এসিড আইনে দায়ের করা মামলায় গত বুধবার গুলশান থানা পুলিশ সাফায়েত আহমেদ চৌধুরীকে গ্রেপ্তার করেন। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, বিচারপতির ছেলে সাফায়েতের বিরুদ্ধে অভিযোগ, তিনি অবসরপ্রাপ্ত উইং কমান্ডার ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক আসাদুজ্জামানের ছেলে সাবরি-ই-জামানকে লক্ষ্য করে এসিড ছোড়ায় পরিকল্পনা করেছেন। গত ৫ অগাস্ট এ ঘটনায় আসাদুজ্জামান গুলশান থানায় একটি মামলা করেন। পুলিশ ওই মামলায় বিচারপতির সরকারি গাড়িচালক শাহীন এবং তাঁর বন্ধু জাহিদকে গ্রেপ্তার করে। গত ২৬ সেপ্টেম্বর আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তাঁরা বলেন, সাফায়েতের নির্দেশে তাঁরা এসিড নিক্ষেপ করেন। মামলাটির তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, গত বুধবার বেলা ১১টার দিকে গুলশান-১ নম্বরের একটি আসবাবের দোকান থেকে সাফায়েতকে গ্রেপ্তার করা হয়।