৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এ বছর বিশ্বব্যাপী এ দিবসটি ঘোষণার ১০০ বছর উদ্যাপন করা হচ্ছে। ১৯১০ সালে কোপেনহেগেনে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলনে জার্মান সমাজতান্ত্রিক আন্দোলনের নেত্রী ক্লারা জেটকিনের প্রস্তাব অনুসারে ঐতিহাসিকভাবে ৮ মার্চ বিশ্ব নারী দিবস হিসেবে ঘোষণা করা হয়। নারীর অধিকার আদায়ে আন্তর্জাতিক নারী দিবস ৮ মার্চের অবদান অপরিসীম। নারীর উন্নয়নের পথে একটি বড় বাধা হলো নারীর প্রতি সংঘটিত নানা ধরনের সহিংসতা আর এই জঘন্য অপরাধের মূল কারণ ও মূল্যবোধ, যা মনে করে নারী সব সময় পুরুষের অধস্তন থাকবে এবং পুরুষ দ্বারা নিয়ন্ত্রিত হবে। এ মূল্যবোধই নারীর প্রতি পুরুষের আগ্রাসন ও নির্যাতনকে প্রশ্রয় দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিচালিত ২০০৫ সালের একটি পরিসংখ্যানে দেখা গেছে, ৫৭ দশমিক ৫ শতাংশ নারী যৌন বা শারীরিক বা উভয় ধরনের নির্যাতনের শিকার হয়েছে। একটি গবেষণায় দেখা গেছে, ৯৯ শতাংশের ক্ষেত্রে নির্যাতনকারী পুরুষ কিংবা কিশোর। এদের মধ্যে ৫০ শতাংশের বেশি স্কুল থেকে ঝরে পড়া ছাত্র, বেকার, বখাটে, মাদকসেবী এবং আক্রান্ত ব্যক্তির চেয়ে অর্থনৈতিকভাবে সচ্ছল। তাই নারীর প্রতি সহিংসতা বন্ধ করার জন্য পুরুষদের সঙ্গে কাজ করা অত্যন্ত জরুরি। তবে পুরুষ ও কিশোরদের যে শুধু সম্ভাব্য অপরাধী হিসেবে গণ্য করতে হবে তা নয়, বরং খুঁজে বের করতে হবে সেই সব পুরুষ ও কিশোরকে, যারা দায়িত্বশীল নাগরিক হিসেবে নারীর সমান অধিকারের প্রতি সম্মান দেখায় এবং সব ধরনের নারী নির্যাতনের বিরুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেয়।২০০২ সালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এসিড সারভাইভারস ফাউন্ডেশন, ব্র্যাক ও প্রথম আলো প্রথমবারের মতো বাংলাদেশে পুরুষদের সমাবেশ এবং পদযাত্রার আয়োজন করে। সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে প্রায় পাঁচ হাজার পুরুষ অংশ নেন। এ উপলক্ষে একত্র হয়েছিলেন শিল্পী, গায়ক, অভিনেতা, সাহিত্যিক, সাংবাদিক, শ্রমিকনেতা, আইনবিদ ও শিক্ষাবিদ। একত্র হয়েছিলেন বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্ণধারেরা, একত্র হয়েছিলেন শ্রমজীবী পুরুষ ও বালকেরা। কয়েক হাজার কণ্ঠে ধ্বনিত হয়েছিল একটিই স্লোগান, ‘এসিড-সন্ত্রাস বন্ধের লক্ষ্যে কার্যকর আইন করতে হবে’। এর ফলে বাংলাদেশ সরকার ১৭ মার্চ ‘এসিড অপরাধ দমন আইন ২০০২’ পাস করে।পরবর্তী সময়ে প্রতিবছর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এসিড-সহিংসতাসহ নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধের লক্ষ্যে পুরুষদের এই অঙ্গীকারের সমাবেশ আয়োজন করা হয়ে থাকে। প্রতিবছরের মতো এবারও ৭ মার্চ বিকেল সাড়ে তিনটায় ধানমন্ডির রবীন্দ্রসরোবরে আয়োজন করা হয়েছে পুরুষদের অঙ্গীকারের সমাবেশ।এসিড-সহিংসতা বন্ধের এই আন্দোলনে যুক্ত হয়েছেন অনেকে। আনন্দের বিষয় হচ্ছে, নারী নির্যাতন বন্ধের এ আন্দোলনে অনেক মহলই এখন পুরুষদের যুক্ত করার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে। উন্নয়নের ধারায় নারী-পুরুষের পারস্পরিক পরিপূরকতা উপলব্ধি করার এ চেতনা সত্যিকার অর্থেই একটি ইতিবাচক স্মারক। আরও আনন্দের বিষয়, ২০০২ সালে যখন আমরা প্রথম পুরুষদের এই সমাবেশের আয়োজন করেছিলাম, তখন ৪৯০ জন ব্যক্তি এসিড-আক্রমণের শিকার হয়েছিলেন। ২০০৯ সালে এ সংখ্যা কমে গিয়ে দাঁড়ায় ১৪৫-এ। এর পরও দেশে প্রতি দুই দিনে একজন এসিড-আক্রমণের শিকার হচ্ছে। পুরুষের ইতিবাচক ভাবমূর্তি যত বেশি প্রকাশিত হবে, আমাদের দেশের সাধারণ পুরুষের মনোভূমিতে বালক-কিশোরের সামাজিকীকরণ প্রক্রিয়ায় তত বেশি ‘আদর্শ পুরুষ’ তৈরি হতে থাকবে। মানবাধিকার ও সহিংসতা-সংশ্লিষ্ট ইস্যুতে বিশেষত এসিড-সহিংসতার মতো ঘৃণ্য একটি বিষয়ে সামাজিক, সাংস্কৃতিক পরিমণ্ডলে এবং নীতিনির্ধারণী মহলে ইতিবাচক প্রভাব সৃষ্টির ক্ষেত্রে প্রচারমাধ্যমের অত্যন্ত শক্তিশালী ও সক্রিয় ভূমিকাকে আরও একবার সাধুবাদ জানাই।মনিরা রহমান: নির্বাহী পরিচালক, এসিড সারভাইভারস ফাউন্ডেশন