এসিড সারভাইভারস ফাউন্ডেশন (এএসএফ) কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসিড-সহিংসতার শিকার অসহায় মানুষের চিকিৎসা, পরিচর্যা, সমাজে তাদের পুনর্বাসন এবং এসিড-সহিংসতা নির্মূল করার লক্ষ্যে ১৯৯৯ সালের ১২ মে এসিড সারভাইভারস ফাউন্ডেশন প্রতিষ্ঠা হয়েছিল।এসিডদগ্ধদের সম্ভাব্য সর্বোন্নত চিকিৎসা-সহায়তা নিশ্চিত করা; এসিডদগ্ধদের সুবিচার নিশ্চিত করার ক্ষেত্রে উপযুক্ত পরিবেশ তৈরি; এসিডদগ্ধদের আর্থিক পুনর্বাসনসহ তাদের সমাজ ও উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা; এসিড-সহিংসতা ধীরে ধীরে কমিয়ে এনে বন্ধ করার লক্ষ্যে সমাজের সব শ্রেণী, পেশা ও স্তরের মানুষকে উদ্বুদ্ধ করা ও এ সহিংসতা মোকাবিলায় যুক্ত করা। এ চারটি উদ্দেশ্য অর্জনের জন্য এএসএফ পাঁচটি ইউনিটের মাধ্যমে কাজ করে চলেছে—নোটিফিকেশন ইউনিট: এসিড হামলার ঘটনা বাংলাদেশের যে স্থানেই ঘটুক না কেন, এএসএফ যাতে ২৪ ঘণ্টার মধ্যে জানতে পারে ও রেকর্ডভুক্ত করতে পারে এবং রিপোর্ট পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে যেন এসিডদগ্ধ ব্যক্তিকে চিকিৎসার আওতায় নিয়ে আসতে পারে।মেডিকেল ইউনিট: আক্রান্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব এএসএফের হাসপাতাল জীবনতারায় স্থানান্তর করে। ২০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালে গড়ে তোলা হয়েছে দেশে-বিদেশে পাওয়া সর্বোন্নত চিকিৎসা ও নার্সিং কেয়ার ব্যবস্থা।আইনি সহায়তা ইউনিট: এ ইউনিট মামলাগুলো সহযোগী সংস্থার কাছে পাঠিয়ে দিয়ে মামলার অগ্রগতি পর্যবেক্ষণ করে, আক্রান্তদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে এবং মামলার গৃহীত ব্যবস্থা সম্পর্কে তাদের ও তাদের পরিবারের কাছে ব্যাখ্যা করে। নিয়মিত আইন ও আইনি পদক্ষেপ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে যাচ্ছে। সামাজিক পুনর্বাসন ইউনিট: এসিড-আক্রান্তদের পরিবারকে তাত্ক্ষণিক দুর্যোগ মোকাবিলায় আর্থিক সহায়তা দেওয়া, আক্রান্ত ছেলেমেয়ের লেখাপড়া চালিয়ে যেতে বৃত্তি দেওয়া, দক্ষতা উন্নয়নমূলক ও কাজভিত্তিক প্রশিক্ষণের আয়োজন, আক্রান্তদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা এবং উদ্যোক্তাদের সঙ্গে যোগসূত্র স্থাপন।গবেষণা, অ্যাডভোকেসি ও প্রতিরোধ ইউনিট: ২০০২ সালে আন্তর্জাতিক নারী দিবসে এসিড-সহিংসতার বিরুদ্ধে সোচ্চার প্রায় পাঁচ হাজার পুরুষ নিয়ে এক বর্ণাঢ্য ‘পুরুষদের শোভাযাত্রা’ আয়োজনের মধ্য দিয়ে এএসএফের এসিড অপরাধ দমন প্রচারাভিযানের সূচনা হয়। প্রথম আলো ও এসিড সারভাইভারস ফাউন্ডেশন যৌথভাবে এ শোভাযাত্রার আয়োজন করেছিল। সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য তারা নিয়মিত আয়োজন করে চলেছে সভা, সেমিনার ও কর্মশালা।এসিড-সহিংসতার বিরুদ্ধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির ক্ষেত্রে যে ইস্যুগুলোকে এই ইউনিট বিবেচনা করে তা হলো, এসিড-সহিংসতা সম্পর্কিত আইনের প্রচার, এসিড অপরাধীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন, বিনা লাইসেন্সে এসিড বিক্রি প্রতিরোধ ইত্যাদি। যোগাযোগ উপকরণ; যেমন—পোস্টার, লিফলেট, স্টিকার, তথ্যপুস্তিকা, নিউজ লেটার, ফেস্টুন, প্লাকার্ড তৈরি এবং জাতীয় থেকে তৃণমূল অবধি এসব উপকরণের বিতরণ চলছে। এ ছাড়া জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল ও জেলা এসিড নিয়ন্ত্রণ কমিটি, স্থানীয় সরকার ও প্রশাসনসহ সরকারের সংশ্লিষ্ট এজেন্সিগুলোর সঙ্গে ফলদায়ক লবি গড়ে তোলার লক্ষ্যে এ ইউনিট কাজ করে চলেছে।