এসিডদগ্ধ নারীদের চাকরির ব্যবস্থা করল ব্র্যাক ব্যাংক
এসিড-সন্ত্রাসের শিকার হওয়ার পর তাঁরা স্বাভাবিক জীবনে ফিরে আসবেন, তা ভাবতে পারেননি। লালমনিরহাটের তহুরা খাতুন ও পিরোজপুরের মণিকা হালদার আজ নতুন জীবনের সন্ধান পেয়েছেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে এই নারীদের চাকরির সুযোগ করে দিয়েছে ব্র্যাক ব্যাংক।গত বুধবার (১৩ এপ্রিল) ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা গেল তহুরা খাতুন ও মণিকা হালদারের কর্মব্যস্ততা। আপন মনে কাজ করছেন তাঁরাংং। অনুভূতি জানতে চাইলে মণিকা বলেন, ‘এসএসসি পরীক্ষার পর এসিড-সন্ত্রাসের শিকার হয়ে বাঁচব কি না নিশ্চিত ছিলাম না। প্রথম আলোর টাকায় লেখাপড়া করেছি তাদের সহযোগিতায় আজকে ব্র্যাক ব্যাংকে চাকরি করছি। ব্যাংকে চাকরির সুযোগ পাব, তা জীবনে কখনো ভাবিনি। আমার মনে হচ্ছে, আমি স্বপ্ন দেখছি। এখানে কাজের পরিবেশ খুব ভালো। সহকর্মীদের খুব সহযোগিতা পাচ্ছি। পরিবারের সদস্যদের মতো আচরণ করছেন তাঁরা।’ লালমনিরহাটের তহুরা খাতুন বলেন, ‘ডিগ্রি পাস করে প্রথম আলো সহায়ক তহবিলের সমন্বয়কারীর কাছে চাকরি চেয়ে আবেদন করি। তার পরিপ্রেক্ষিতে তারা চাকরির ব্যবস্থা করেছে। ব্র্যাক ব্যাংকে কাজ করতে পেরে খুব ভালো লাগছে। ব্যাংকের সবাই ভালো, মিশুক। চাকরির পাশাপাশি স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনাও করব। নিজেকে আর বোঝা মনে হয়না।’ ১০ মার্চ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এই এসিডদগ্ধ নারীদের ব্র্যাক ব্যাংকের নিয়োগপত্র হস্তান্তর করেন নাট্যব্যক্তিত্ব সারা যাকের এবং প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। ব্র্যাক ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান ত্যাহনিয়াত আহমেদ করিম বলেন, ‘ব্যাংকের ১০ বছর পূর্তি উপলক্ষে ১০ এসিডদগ্ধ নারীকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তারই ধারাবাহিকতায় মণিকা ও তহুরাকে নিয়োগ দেওয়া হয়েছে। এই নারীদের সহকর্মী হিসেবে পেয়ে আমরা গর্বিত। নারী উন্নয়নে ব্র্যাক ব্যাংক সব সময়ই কাজ করে আসছে। গত বছর দিনাজপুরে প্রথম আলো ট্রাস্টের মাধ্যমে এসিডদ্গ্ধ নারীর পুনর্বাসনে সহায়তা করে ব্র্যাক ব্যাংক। এ ছাড়া নারী উদ্যোক্তাদের জন্য আছে ঋণসুবিধা। দেশব্যাপী নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে অনেককে সহায়তা করছে।’প্রথম আলোর সহযোগিতায় লেখাপড়া শেষ করে চাকরি করছিসালটা ২০০১। এসএসসি পরীক্ষার তত্ত্বীয় অংশ শেষ হয়েছে। কিন্তু ব্যবহারিক পরীক্ষা বাকি। নিজ বাড়িতে মায়ের পাশে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ করে তাঁর চিৎকারে পুরো পরিবারের ঘুম ভাঙে। বিজ্ঞান শাখায় অংশ নেওয়া ওই পরীক্ষার্থী বিজ্ঞানাগারে এসিডের ব্যবহারের কথা শুনলেও ওই বছর ৮ এপ্রিল রাতে দুর্বৃত্তের ছোড়া এসিডে তাঁর শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এ ঘটনাটি পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার দইহারি গ্রামের সুকুমার হালদারের মেয়ে মণিকা হালদারের জীবনে ঘটেছে। শুধু মেয়েই নয়, মায়ের শরীরও এসিডে ঝলসে যায়। অজ্ঞান অবস্থায় স্বরূপকাঠি হাসপাতালে, পরে সেখান থেকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে, এরপর ঢাকায় আনা হয়। পুরো কাজে সহায়তা করেছে প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধুসভার সদস্যরা। ঢাকা থেকে চিকিৎসা শেষে মণিকা বাড়ি ফিরে দেখেন জিপিএ-৩.১৩ পেয়ে এসএসসি পাস করেছেন। নিজ এলাকায় নিরাপত্তার অভাব বোধ করেন, বরিশাল মহিলা কলেজে ভর্তি হলেন। কলেজে তো ভর্তি হলেন, থাকবেন কোথায়? এমন পরিস্থিতিতে ২০০১ সালে এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিল থেকে মণিকাকে মাসিক এক হাজার টাকা করে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। পাশাপাশি কলেজে ভর্তি, বইপত্র কেনার ব্যবস্থা করে। ২০০৩ সালে মণিকা এইচএসসি পাস করেন। ঢাকার ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে সম্মান শ্রেণীতে সমাজকল্যাণ বিষয়ে ভর্তি হন। ২০০৭ সালে দ্বিতীয় শ্রেণীতে সম্মান পাস করে স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তি হন। একই বছর উত্তম কর্মকারের সঙ্গে বিয়ে হয়। স্বামীর বর্তমান কর্মস্থল বরিশাল। সাত মাসের এক সন্তান তাঁদের। এ পরিবারটি আজও জানে না কারা এসিড ছুড়েছে, কেনই বা ছুড়েছে। চাকরি পেয়ে এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিল ও ব্র্যাক ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।